প্রকাশ রঞ্জন বিশ্বাস
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর ও আরো দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ আদেশ দেন।
একই সময় বিচারক আগামী ১৬ জানুয়ারি এ মামলার বিচার শুরুর তারিখ ধার্য করেন।
পরোয়ানা পাওয়া অপর দু'জন হলেন- সাফিয়াত সোবহান সানবীরের কর্মচারী (দারোয়ান) নূরে আলম ও মো. হুমায়ুন কবীর।
সোমবার বিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেন।
এর আগে হাইকোর্টের নির্দেশে মামলাটির কার্যক্রম দুই বছর তিন মাস স্থগিত ছিল বলেও তিনি জানান।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুন হন। গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্র"পের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়।
অপর দুই আসামি খায়রুল হাসান উজ্জ্বল ও মো. সামসুদ্দিন আহমেদ জামিনে রয়েছেন বলে মামলার নথি থেকে জানা যায়।
নথি থেকে আরো জানা যায়, হুমায়ুন কবীর সাব্বিরের ভগ্নিপতি এ এফ এম আসিফ ২০০৬ সালের ৭ জুলাই তারিখ মামলা করেন।
২০০৮ সালের ১২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী অভিযোগপত্র দেন। এতে ৩৫ জনকে সাক্ষী করা হয়।
এর আগে দু'টি দায়রা আদালতে মামলাটি বিচারের জন্য পাঠানো হয়। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বিচার শুরু করা যায়নি।
২০১০ সালের ৭ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে আসে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/পিডি/২২৪০ ঘ.
bdnews24