২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রের মৃত্যুর জেরে সোমবার বিকালে সাড়ে তিনঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা। তারা দু'টি বাস ভাংচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

শেরপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রের মৃত্যুর জেরে সোমবার বিকালে সাড়ে তিনঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে ছাত্ররা। তারা দু'টি বাস ভাংচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বিকাল সাড়ে ৩টা থেকে তারা ঢাকা-শেরপুর মহাসড়ক অবরোধ করে। সন্ধ্যা ৭টায় অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল শুরু হয়। অবরোধকালে বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। গত ৩ জানুয়ারি বাসে ওঠা নিয়ে ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে ইন্সটিটিউটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান আকাশ (১৯) গুরুতর আহত হন। সোমবার বিকাল ৩টার দিকে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় কিডনি ইন্সটিটিউটে আকাশের মৃত্যু হয়। এ খবর শেরপুরে পৌঁছানোর পর সাড়ে তিনটার দিকে ইন্সটিটিউটের কয়েকশ' ছাত্র সড়কে অবরোধ দেয়। এ সময় তারা দু'টি বাস ভাংচুর ও একটি ট্রাকে আগুন দেয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রাকের আগুন নেভায়। শেরপুর জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে আকাশের মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৭টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নেয়। এদিকে বাস ভাংচুরের প্রতিবাদে শ্রমিকরা শহরের নবীনগর বাস টার্মিনাল এলাকায় বাস দিয়ে মহাসড়ক বন্ধ করে দিলে বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরীর উদ্যোগে তা সরিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২১১ ঘ.