২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র শীতে উত্তরাঞ্চলে জনদুর্ভোগ

তীব্র শৈত্য প্রবাহে উত্তরাঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তীব্র শৈত্য প্রবাহে উত্তরাঞ্চলে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। শীতজনিত রোগে রংপুর ও নীলফামারীতে পাঁচজন করে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী ও দিনজপুর অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বইছে। এছাড়া পাবনা, বগুড়া, রংপুর, সৈয়দপুর, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে বয়ে চলেছে হালকা থেকে মাঝারি শৈত্য প্রবাহ। এ অবস্থা অব্যাহত থাকবে বলেও সন্ধ্যার আবহওয়ার বুলেটিনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- রাজশাহী: সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয় এই জেলায়। প্রচণ্ড শীতে নিম্ন আয়র মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। মানুষের পাশাপাশি পশুপাখিরও জবুথবু অবস্থা। রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল আলম জানান, প্রায় দুই সপ্তাহ ধরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল। সোমবার তা ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। চলতি মৌসুমে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। রংপুর: গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছে অন্তত দেড় শতাধিক শিশু। এদিকে শীতের কাপড়ের অভাবে সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছে। প্রচণ্ড শীত ও হিমেলে হাওয়ায় জেলা শহরের অনেক দোকানপাট বন্ধ ছিলো। লোকজনের চলাচলও ছিলো কম। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে- সদর উপজেলার নজিরেরহাট গ্রামের সোহেল (৪), কাউনিয়ার হারাহাছ গ্রামের সৌরভ (৩), মিঠাপুকুরের গোপালপুর গ্রামের ইউসুফ আলী (৭৫) এবং গাইবান্ধা জেলা শহরের বেবি (১) ও রাইমান (৩)। নিউমোনিয়া আর শ্বাসজনিত রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে জানিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. তৌফিকুর রহমান বলেন, আক্রান্ত হওয়ার পরপরই ডাক্তারের কাছে এলে রোগী ভাল হওয়ার সম্ভবনা থাকে। সিভিল সার্জন রেজাউল হক সরকার বলেন, প্রচণ্ড শৈত্য প্রবাহের কারণে শিশুরা কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। জেলায় এ পর্যন্ত ১০ জন কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে তিনি খবর পেয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে দুই দফায় সাত হাজার কম্বল পাওয়া গেছে, যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তিনি বলেন, তিন হাজার কম্বল পাওয়া গেছে, যা জেলার আট উপজেলা ও তিন পৌরসভায় ভাগ করে দেওয়া হয়েছে। ২/৩ দিনের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হবে বলে তিনি জানান। নীলফামারী: গত চারদিন নীলফামারীতে সূর্য দেখা যায়নি। হালকা বৃষ্টির মতো কুয়াশাপাত ও উত্তরের হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। শীতবস্ত্রের অভাবে নিু আয়ের অনেকেই ঘরের বের হতে পারছে না। ঘন কুয়াশায় দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচলা করছে। সন্ধ্যার পরে কয়েকহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। শীতজনিত বিভিন্ন রোগে গত চারদিনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন- ডিমলা উপজেলার পুর্ব ছাতনাই গ্রামের মেরাজ উদ্দীন (৬৫), রামডাঙ্গা গ্রামের আটদিন বয়সী শিশু রেশমা বানু, খালিশা চাপানী গ্রামের এক বছরের শিশু মোতাহারা বানু, জেলা শহরের জোরদরগা এলাকার কাশেম আলী (৯০) ও ছোট ডিংডিংপাড়ার ১৫ দিন বয়সী শিশু তাছকিনা। সিভিল সার্জন আব্দুর রশিদ আকন্দ শীতজনিত কারণে এই পাঁচজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ আলম জানান, সোমবার নীলফামারীতে সর্বনিু তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসক জিল্লুর রহমান বলেন, শীতের শুরুতে জেলার ছয় উপজেলার শীতার্ত মানুষের মাঝে তিন হাজার কম্বল দেওয়া হয়েছে। শীতের এই তীব্রতা বৃদ্ধির কারণে জেলায় অন্তত ৫০ হাজার কম্বল প্রয়োজন বলে তিনি জানান। দিনাজপুর: কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র শৈত্য প্রবাহে দরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। গত দুইদিন সূর্য দেখা যায়নি। খেটে খাওয়া মানুষেরা ঘরের বের হতে পারেনি। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসন থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। দু'দফায় সাড়ে চার হাজার শীতবস্ত্র বিতরণ শেষে বর্তমানে আরও দুই হাজার দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও: তীব্র শৈত্য প্রবাহ, কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সোমবার সারাদিন আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা। দিনেও যানবাহন চলেছে হেড লাইট জ্বালিয়ে। যাত্রীবাহী যানবাহনে যাত্রী ছিল তুলনামূলক অনেক কম। দরিদ্র মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া তীব্র ঠাণ্ডায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জেলা প্রশাসক মুহা. শহীদুজ্জামান বলেন, ত্রাণ মন্ত্রণালয়ে এক মাস আগে ৩০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। পাওয়া গেছে সাড়ে চার হাজার। এগুলো বিভিন্ন উপজেলায় পাঠনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.