চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আমিন চেয়ারম্যানকে অভিযুক্ত করে সাত বছর পর সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
অভিযোগপত্রে বাঁশখালী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ওরফে আমিন চেয়ারম্যানসহ মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার বিকালে বাঁশখালী বিচার বিভাগীয় হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলার বতর্মান তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র" এ অভিযোগপত্র জমা দেন। তিনি এ মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা।
২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে বাঁশখালীর সাধপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের দু'তলা মাটির ঘরে তালা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় চার দিনের নবজাতকসহ ওই পরিবারের ১১ জন সদস্য ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।
আমিনুর রহমান ওরফে আমিন চেয়ারম্যান ছাড়া অভিযুক্ত বাকি সাতজন হলেন-খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর আহমদ নাজু, রশিদ আহমদ ওরফে রশিদ মেম্বার, নুর নবী, মো. ইউনুস, আবুল কামাল ওরফে কালাইয়্যা, আব্দুল নবী, নুর ইসলাম ওরফে বাইশ্যা।
২০০৩ সালে ওই ঘটনার পর থেকে ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান জড়িত থাকার অভিযোগ উঠে।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের তৎকালীন এএসপি ক্লারেন্স গোমেজ ২০০৫ সালের ১৪ ডিম্বের ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার বাদি বিমল শীল এর বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত ২০০৭ সালের ২০ মার্চ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
এরপর বেশ কয়েকবার আমিনুর রহমানকে বাদ দিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবারই বাদি তার বিরোধিতা করে আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন।
আইও হ্লা চিং প্র" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, আরো আটজনকে অভিযুক্ত করে আদালতে এই সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
তিনি জানান, সম্পূরক অভিযোগপত্রে মোট ৩৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে প্রথম দফায় এ মামলায় ৩১ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। মামলার বাদি বিমল শীল এর ওপর নারাজি দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৩ ঘ.
bdnews24