২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মেস থেকে লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক এক ব্যক্তির লাশ রাজধানীর কল্যাণপুরের একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক এক ব্যক্তির লাশ রাজধানীর কল্যাণপুরের একটি মেস থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত নিজামউদ্দিন খান (৩৬) রোববার বিকালের পর থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী আসমা আক্তার। তাকে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে কল্যাণপুরের শ্যামলী পরিবহন কাউন্টারের ওপরর তলার বাসার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে তার ভাই হাসমত আলী মৃতদেহ সনাক্ত করেন। হাসমত আলী পুলিশকে জানিয়েছেন, নিজামউদ্দিন দক্ষিণ কোরিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য আনোয়ারকে কয়েকদফা টাকাও দিয়েছিলেন। নিজামউদ্দিন মিরপুর-২ নম্বরে বসবাস করতেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে অনেক পলিথিন নিয়ে মেসটির বোর্ডার আনোয়ারকে রুমে ঢুকতে দেখে অন্যদের সন্দেহ হয়। তারা ঘরে ঢুকতে চাইলে আনোয়ার বাধা দেয়। একপর্যায়ে দরজা খুলে দিয়েই তিনি দৌড়ে পালান। পরে আমরা সেখানে গিয়ে নিজামউদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছি।" পুলিশের ধারণা, লাশটি গুম করার চেষ্টা করছিলো আনোয়ার। আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মালেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৭৪৫ ঘ.