২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব: পুরনো কমিটিকে ক্ষমতা ফেরতের আদেশ

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করেছে ঢাকার একটি আদালত। একইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করেছে ঢাকার একটি আদালত। একইসঙ্গে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মো. মুজাহিদ উল ইসলাম সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ আদেশ দেন। গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সবুজ-আবদাল পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত সারওয়ার-সাইফুল প্যানেল। নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন পরাজিত সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম। শুনানি শেষে বিচারক দায়িত্ব হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে বিবাদীদের কার্যক্রমে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তার কারণ দর্শানোর আদেশ দেন। পরদিন ১৩ বিবাদির আটজন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি জানান এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজের আবেদন করেন। একই সময় বাদীপক্ষ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন। দুই আবেদনের ওপর শুনানি শেষে রোববার অধিকতর শুনানি হওয়ার কথা থাকলেও বিবাদি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া উপস্থিত না থাকায় শুনানি হয়নি। সোমবার বাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন, বিবাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওসমান গণি ও সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৪০ ঘ.