২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ এসআইকে পুনর্বহালের নির্দেশ

বিগত জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের ২৮ উপ-পরিদর্শককে (এসআই) চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত জোট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের ২৮ উপ-পরিদর্শককে (এসআই) চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ পৃথক তিন রিট আবেদনে এ আদেশ দেয়। যাদের এখনো চাকরির বয়স রয়েছে তাদের বকেয়া বেতন-ভাতা ও সুযোগ সুবিধাসহ পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যাদের চাকরির বয়স শেষ হয়েছে তাদের চাকরির বয়সসীমা ৫৭ বছর পর্যন্ত ধরে সব বকেয়া বেতন ও সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০০৩ সালের মার্চ থেকে অক্টোবরের মধ্যে এই ২৮ এসআইকে ২৫ বছর চাকরির বয়স পূর্ণ হওয়ায় বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সোমবার তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন। রায়ের পর সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই রায়ের ফলে আবেদনকারীদের মধ্যে যাদের বয়স আছে তারা বকেয়া বেতনসহ চাকরি ফিরে পাবেন। যাদের বয়স শেষ হয়েছে তারা বকেয়া বেতন ভাতা ও সুবিধা পাবেন।" বাধ্যতামূলক অবসরে যাওয়া মো. শাহ আলম, সত্যেন্দ্র কুমার দাস ও মো. আব্দুল হাইসহ ২৮ এসআই গত বছর রিট তিনটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/আরএ/১৫৫৭ ঘ.