চাঁদপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবুল বাশারের (৪৫) বাড়ি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবপাড়া গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে আবুল বাশার দেবপাড়া বাজারে ঔষধের দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।
পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শাহরাস্তি থানার ওসি মো. জামাল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।"
তিনি জানান, এই ঘটনায় আবুল বাশারের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। কউকে আটকও করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
বিডিনেউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১৩৪৮ ঘ.
bdnews24