২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: নয় প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা ও নরসিংদীতে পাঁচ মেয়রপ্রার্থীসহ নয় প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা ও নরসিংদীতে পাঁচ মেয়রপ্রার্থীসহ নয় প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার নির্বাচনী কর্মকাণ্ড পর্যবেক্ষণে নিয়োজিত ভ্রাম্যাণ আদালত এই দণ্ডাদেশ দেয়। এর মধ্যে গাইবান্ধা পৌরসভায় চার মেয়রপ্রার্থী ও চার কাউন্সিলর প্রার্থীকে মোট ১০ হাজার একশ' টাকা জরিমানা করা হয়। গাইবান্ধা: নির্ধারিত আকারের চেয়ে বড় ও তারিখ বিহীন পোস্টার ছাপানো এবং দেয়ালে পোস্টার সাঁটার কারণে রোববার সন্ধ্যায় আট প্রার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় আদালত। এদের মধ্যে মেয়রপ্রার্থীরা হলেন- বর্তমান মেয়র আনোয়ার-উল-হাসান সবুর, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানা, আওয়ামী লীগ মনোনীত শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও গাজী শাহ শরিফুল ইসলাম বাবলু। বিচার বিভাগীয় হাকিম আজিজুর রহমান সাংবাদিকদের জানান, তারিখ বিহীন পোস্টার ছাপানো এবং বিদ্যুতের খুঁটিতে লাগানোর দায়ে আনোয়ার-উল-হাসানকে (মাইক প্রতীক) দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর অভিযোগে হামিদুল হক ছানাকেও (দোয়াত-কলম) একই পরিমান জরিমানা করা হয়েছে। একই কারণে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অভিজিত দাস ববিকে (আপেল) এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিমকে (বালতি) এক হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের পোস্টার লাগানোর দায়ে শাহ মাসুদ জাহাঙ্গীর কবিরকে (টেলিভিশন) দুই হাজার টাকা করা হয়েছে। এছাড়া তারিখবিহীন পোস্টার ছাপানো ও বিদ্যুতের খুঁটিতে লাগানোর দায়ে সংরক্ষিত মহিলা আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মমতা বেগমকে (টিউবয়েল) একহাজার টাকা জরিমানা করা হয়। অপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান জানান, দেয়ালে পোস্টার লাগানোর দায়ে মেয়রপ্রার্থী গাজী শাহ শরিফুল ইসলাম বাবলুকে (আনারস) ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেনকে (হরিণ) ৫০০ টাকা এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলামকে (মোরগ) একশ' টাকা জরিমানা করা হয়। নরসিংদী: নরসিংদীর মনোহরদী পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্দুল খালেককে (দেয়াল ঘড়ি প্রতীক) তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সাংবাদিকদের জানান, রঙিন পোস্টার করায় তাকে এই জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.