২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা: জাতিসংঘ কমিশনে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ তার সমুদ্রসীমা দাবি করে আগামী ফেব্র"য়ারিতে জাতিসংঘ কমিশনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তার সমুদ্রসীমা দাবি করে আগামী ফেব্র"য়ারিতে জাতিসংঘ কমিশনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি। রোববার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "আমাদের সীমানার দাবি জানাতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রীপরিষদ খসড়া প্রস্তাবটি অনুমোদন দেবে। আশা করছি ফেব্র"য়ারির শেষ দিকে আমরা তা জমা দিতে পারব।" ১৯৮২ সালের কন্টিনেন্টাল শেলফ ফর্মুলা অনুযায়ী একটি দেশ উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত তার বহিঃসীমা দাবি করতে পারে। তিনি বলেন, "আমরা নির্ধারিত সময়ের পাঁচ মাস আগে প্রস্তাবটি জমা দিতে যাচ্ছি। যত দ্রুত আমরা তা জমা দেব সেটা আমাদের জন্য ততই মঙ্গলজনক হবে।" ৫৩তম দেশ হিসাবে জাতিসংঘ কমিশনে বাংলাদেশ তার সমুদ্রসীমা দাবি করতে যাচ্ছে। সীমানা দাবি করে আগামী জুলাই মাসের মধ্যে এ বিষয়ে বাংলাদেশের প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সম্পর্কিত যাবতীয় তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করে সরকার তার দাবি জানাবে। এ নিয়ে একটি মীমাংসায় পৌঁছতে আট থেকে ১০ বছর লাগবে। তিনি জানান, ভারত ও মিয়ানমার ইতিমধ্যে তাদের দাবি জানিয়েছে। বাংলাদেশ অবশ্য তাদের দাবির বিষয়ে অভিযোগ উত্থাপন করেছে। "তারাও আমাদের দাবির বিষয়ে একই ধরনের অভিযোগ করতে পারে। আমরা সব পক্ষ যখন অভিযোগ প্রত্যাহার করে নেব তখন এ সমস্ত অভিযোগ বিবেচনায় নেওয়া হবে," বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম বলেন, "আমরা ৪০০ নটিক্যাল মাইল দাবি করেছি। যা বাংলাদেশের আয়তনের সমান বড়।" তিনি জানান, ভারত ও মিয়ানমারের সঙ্গে মূল বিরোধটি হচ্ছে তারা সমদূরবর্তীতার ভিত্তিতে সীমানা দাবি করেছে। কিন্তু বাংলাদেশ দাবি জানাচ্ছে সমতার ভিত্তিতে। খোরশেদ আলম বলেন, আমাদের দাবি পূরণের বেশ ভাল সম্ভাবনা রয়েছে, যেমনটা ১৯৬৭ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জার্মানির দাবি পূরণ হয়েছিল। সমুদ্রসীমা সমাধানে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল ফর দ্য ল অব দ্য সী-তে মামলা করে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআর/জেবি/পিডি/২১১৭ ঘ.