২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র কুক্ষিগত করায় সাজা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪৬টি জাতীয় পরিচয়পত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

চাঁদপুর, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪৬টি জাতীয় পরিচয়পত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব পরিচয়পত্র কুক্ষিগত করার অপরাধে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলা সদরের পূর্ব কলাদী গ্রাম থেকে আটক করা হয় মাহমুদুল সাগর (৩০) নামের এই যুবককে। স্থানীয়রা জানায়, পৌর নির্বাচন সামনে রেখে একজন কাউন্সিলর প্রার্থীর হয়ে ভোটার তালিকার সঙ্গে মেলানোর কথা বলে সাগর পরিচয়পত্রগুলো সংগ্রহ করছিলো। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাব রাশেদ সাগরকে কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহাব সাংবাদিকদের জানান, অসৎ উদ্দেশ্যে জাতীয় পরিচয়পত্র কুক্ষিগত করার দায়ে এই যুবককে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পূর্ব কলাদী গ্রামের মো. বিল্লাল মিয়া, সাজেদা বেগম ও শুক দেবীসহ কয়েকজন সাংবাদিকদের জানান, ওই যুবক ভোটার নম্বর সঙ্গে মেলানোর কথা বলে জাতীয় পরিচয়পত্রগুলো তাদের কাছ থেকে নেয়। স্থানীয়রা জানায়, আসন্ন পৌর নির্বাচনের আগে একজন কাউন্সিলর প্রার্থীর হয়ে সাগর এই কাজ করছিলেন। তবে কোনো প্রার্থীর সমর্থক তিনি সেটা স্থানীয়রা বলতে পারেনি। আগামী ১৮ জানুয়ারি এই পৌর সভায় নির্বাচন হবে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইউএনও হাসান মাহমুদ জানান, জাতীয় পরিচয়পত্র সংগ্রহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগরকে আটক করে। তবে তিনি কোন প্রার্থীর সমর্থক সেটা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.