২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব নির্বাচন: নিষেধাজ্ঞার শুনানি সোমবার

বিবাদীর আইনজীবী সময় চাওয়ায় রোববার জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের উপর নিষেধাজ্ঞার আবেদনের অধিকতর শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবাদীর আইনজীবী সময় চাওয়ায় রোববার জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণের উপর নিষেধাজ্ঞার আবেদনের অধিকতর শুনানি হয়নি। বিবাদীদের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে উপস্থিত না থাকায় ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মো. মুজাহিদ উল ইসলামের কাছে সময় চাওয়া হয়। বিচারক সোমবার দুপুর ২টায় শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। গত বুধবার জাতীয় প্রেসক্লাবের নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে মামলা করেন পরাজিত সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম। শুনানি শেষে বিচারক দায়িত্ব হস্তান্তরের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। একই সঙ্গে কেন বিবাদীদের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তার কারণ দর্শানোর আদেশ দেন। পরদিন ১৩ বিবাদীর মধ্যে আটজন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি দাখিল করেন এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজের আবেদন করেন। একই সময় বাদীপক্ষ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন। দুই আবেদনের উপর শুনানি শেষে অধিকতর শুনানির জন্য বিচারক রোববার তারিখ রেখেছিলেন। গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সবুজ-আবদাল পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত সারওয়ার-সাইফুল প্যানেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২০১৬ ঘ.