২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মা-ছেলের লাশ উদ্ধার

রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাসা থেকে রোববার দুপুরে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। (আরো অথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাসা থেকে রোববার দুপুরে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৬/এফ ইন্দিরা রোডের চারতলা বাড়ির নিচতলার বাসার শয়নকক্ষে হাত-পা শেকল ও রশি দিয়ে বাঁধা এবং গলা কাটা অবস্থায় ভ্যালেন্টাইন রোজারিও ওরফে মিল্টনের (২৮) এবং বসার কক্ষের মেঝেতে মুখে মাফলার ও চাদর পেঁচানো অবস্থায় তার মা ভার্জিনিয়া রোজারিওর (৬৫) মৃতদেহ পড়ে ছিলো। ইন্দিরা রোডের এই ভবনের মালিক এই পরিবার। তবে চারতলার ওপরের তিনটি ফ্ল্যাট বিক্রি করে দেওয়া হয়েছে বলে বাসিন্দারা জানান। এলাকার নিরাপত্তাকর্মী আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিল্টনদের গৃহকর্মীর কাছে খবর পেয়ে বাসায় গিয়ে মিল্টনের মাকে মৃত অবস্থায় দেখতে পাই। এরপর শয়নকক্ষে না গিয়ে এলাকার লোকজনকে খবর দেই। এলাকার লোকজন এসে দুই জনের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। জলিল জানায়, গৃহকর্মীর নাম তার জানা নেই। গৃহকর্মী তাকে জানিয়েছে যে, দুপুর পৌনে ২টার দিকে সে বাসায় গিয়ে বাইরে থেকে দরজা আলগাভাবে লাগানো দেখতে পায়। পরে ভেতরে ঢুকে দেখে মেঝেতে মিল্টনের মা শুয়ে আছে এবং পুরো শরীর চাদর দিয়ে ঢাকা। ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে মৃত বলে সন্দেহ হওয়ায় গৃহকর্মী তাকে খবর দেয়। গৃহপরিচারিকাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। নিরাপত্তাকর্মী জলিল জানান, মিল্টন বাসা থেকে প্রতিদিন কখন বের হতো তা তার জানা নেই। তবে প্রতিরাত দেড়টা দুইটার দিকে বাসায় ফিরতো। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সে ফিরে। প্রায় প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতেও সে মাতাল ছিলো। তোতা মিয়া নামের অপর এক নিরাপত্তা কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বেলা সাড়ে ১০টা- ১১টার দিকে এই গ্রামে এক যুবককে খুব দ্রুত মটর সাইকেল চালিয়ে যেতে দেখা যায়। এই যুবকটিকে মিল্টনের সঙ্গে বহুবার দেখা গেছে। কিছুদিন আগে যুবকটিকে মিল্টনের বাসার সামনে এসে টাকা দাবি করে চিৎকার চেচামেচি করতে দেখা যায় বলে জানান তোতামিয়া। এলাকার লোকজন জানিয়েছে, মিল্টনের এক বোন রয়েছে। তার নাম কুসুম রোজারিও। স্বামীসহ আলাদা বাসায় থাকেন। প্রায় চার বছর আগে মিল্টনের বাবা জন রোজারিও মারা যান। মিল্টনের বাবা মধ্যপ্রাচ্যে চাকরি করতেন বলে জানিয়েছেন ইন্দিরা রোড়ের এই বাড়ির দোতলার বাসিন্দা ললিতা ডিক্রুজ। তারা মিল্টনের বাবার কাছ থেকে দোতালা ফ্লাটটি কিনেছেন। তিনি বলেন,"আমরা শুনেছি মিল্টন একটি ভাল প্রতিষ্ঠানে চাকরি করতো। বর্তমানে সে চাকরি করে না। সম্ভবত বেকার। তার দুই বিয়ে হয়েছিল। পরে দুই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে কি কারণে ছাড়াছাড়ি হয়েছে তা জানিনা।" ললিতা ডিক্রুজ জানান, এক সময় পুরো ভবনটি তাদের ছিল। তার বাবা দ্বিতীয় ও তৃতীয় তলা বিক্রি করেন। নীচতলায় থাকতো ভাড়াটিয়া। চারতলায় তারা থাকতেন। জন রোজারিও মারা যাওয়ার পর চারতলাটি তারা বিক্রি করে দেন। উঠেন চারতলার ছাদে একটি ছোট কক্ষে। সর্বশেষ নীচতলার দুই ইউনিটের একদিকের ভাড়াটিয়াকে সরিয়ে দিয়ে গত ১ জানুয়ারি তারা সেখানে উঠেন। চারতলার ছাদের সেই কক্ষে গৃহপরিচারিকা থাকে বলে জানান ললিতা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, মিল্টনের ঘরের মেঝে থেকে একটি বটি উদ্ধার করেছে। তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মো. আলি সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে মিল্টনকে হত্যার আগে কোন ওষুধ সিরিঞ্জের মাধ্যমে তার দেহে প্রয়োগ করা হয়েছে। যার কারণে মিল্টন সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপরেই তাকে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। বটি, সিরিঞ্জ ছাড়াও মেঝেতে একাধিক সিগারেটের টুকরা দেখা গেছে। পুলিশের ধারণা, মিল্টনকে হত্যা করার আগে হত্যাকারী বিরামহীন ধুমপান করে। শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবস্থা দেখে মনে হচ্ছে, সকালেই এই হত্যাকাণ্ড ঘটেছে।" একজন নিরাপত্তাকর্মীর তথ্যের ভিত্তিতে এক যুবককে খোঁজা হচ্ছে বলে জানান ওসি। এই হত্যাকাণ্ডের পেছনে কে আছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান। ওদিকে, রাজধানীর বনানীতে একটি ডোবা থেকে রোববার দুপুরে ২৫/৩০ বছর বয়সী দুই যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ নিয়ে নতুন বছরের প্রথম ৯ দিনে রাজধানীতে ১৩টি হত্যাকাণ্ড ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এজে/কেএমএস/১৯০৯ ঘ.