২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া শিগগির শুরু করছে ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে শিগগির বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত করতে শিগগির বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। রোববার প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান। জাতীয় সংসদের গত অধিবেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে ভোটার তালিকা আইন-২০০৯ এর সংশোধনী পাস হয়েছে। ২০ ডিসেম্বর তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর দিয়েছেন জানিয়ে ছহুল বলেন, এখন প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে আর কোনো বাধা নেই। "প্রবাসী বাংলাদেশি দ্বৈতনাগরিকরা ভোট দিতে পারলেও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন তারা", বলেন তিনি। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচন করার সুযোগ নেই। প্রবাসী বাংলাদেশির ক্ষেত্রেও তা-ই প্রযোজ্য হবে বলে নির্বাচন কমিশনার জানান। আসন্ন পৌর নির্বাচনের পরই বিধিমালা তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, "প্রবাসীদের ভোটার নিবন্ধন ও সংশ্লিষ্ট দেশে অবস্থান করে ভোট দান পদ্ধতি বিষয়টি বিধিমালায়ও সংযুক্ত করা হবে। এছাড়া কোন পদ্ধতিতে, কীভাবে ভোটার করা হবে তাও বিস্তারিত থাকবে বিধিমালায়।" ছহুল জানান, প্রবাসীরা ইচ্ছা করলেই ভোটার হতে পারবেন, কোনোভাবে তা বাধ্যতামূলক নয়। প্রবাসে ভোটার হলে যাদের অসুবিধা পড়তে হবে, তারা না হলে কোনো অসুবিধা নেই। প্রবাসে ৬৫ লাখেরও বেশি বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হয়। তবে গত ২৩ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সংসদে জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা নিরূপণে সুনির্দিষ্ট শুমারি না হলেও বর্তমানে শতাধিক দেশে ৫৮ লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছে। ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত দেশওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, সবেেচয়ে বেশি বাংলাদেশি রয়েছেন সৌদি আরবে ১৮ লাখ ৯৬ হাজার ৭৩৬ জন, দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১৪ লাখ ১২ হাজার ৩৭৬ জন, তৃতীয় অবস্থানে মালয়েশিয়ায় ৫ লাখ ১৩ হাজার জন। এছাড়া যুক্তরাজ্যে ৩ লাখ ৫৯ হাজার, যুক্তরাষ্ট্রে ২ লাখ ৫০ হাজার, সিঙ্গাপুরে ২ লাখ ২৩ হাজার, ওমানে ২ লাখ ৬১ হাজার, কুয়েতে ২ লাখ ৩৬ হাজার, কাতারে ১ লাখ ২৪ হাজার ৩০৯ জন বাংলাদেশি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪০০ ঘ.