মানিকগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিনের মতো রোববারও ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ ছিলো।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক ও তিন শতাধিক যাত্রীবাহী বাস উভয় পাড়ে আটকা পড়ে।
পাটুরিয়া ঘাট থেকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের দীর্ঘ এলাকা জুড়ে যানবাহনের লাইন রয়েছে। যাত্রীবাহী বাস ও জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে বলে আশরাফ উল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৪০ ঘ.
bdnews24