ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শনিবার রাতে চুরি হয়েছে। এরপর মন্দিরে পূজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টাচার্য্য জানান, মন্দির থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি রৌপ্য চুরি হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " গত রাত (শনিবার) ৯টায় পুরোহিত রতন চক্রবর্তী ও নিত্য গোপাল চক্রবর্তী মন্দিরের ভেতরের গেট বন্ধ করে যান। রোববার সকাল সাড়ে ৬টায় গেট খুলতে এসে তারা দেখেন গেটের চারটি তালার তিনটি নেই। বাকিটিও রেত দিয়ে কেটে ফেলা হয়েছে। ভেতর থেকে টাকা গয়না চুরি হয়ে গেছে।"
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (লালবাগ অঞ্চল) খুরশিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে আমরা বেশ কিছু সূত্রের সন্ধান পেয়েছি। এগুলো ধরে অগ্রসর হচ্ছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"
ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ ডিসেম্বর বরদেশ্বরী কালী মন্দির ও ২২ ডিসেম্বর জয়কালী মন্দিরে চুরি হয়েছে। জাতীয় মন্দিরসহ এ সব মন্দিরে চুরির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১২২৮ ঘ.
bdnews24