২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৮ দিনে ৯ হত্যাকাণ্ড

নতুন বছরের প্রথম ৮ দিনে রাজধানীতে ঘটেছে নয়টি হত্যাকাণ্ড। এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 05:24 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

সায়েদুল ইসলাম তালাত ও কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের প্রথম ৮ দিনে রাজধানীতে ঘটেছে নয়টি হত্যাকাণ্ড। এসব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বা মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিটি হত্যাকাণ্ড পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। এক্ষেত্রে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে জন্য সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে। হত্যার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা যাবে বলে আমরা আশা করছি।" ১ জানুয়ারি সন্ধ্যায় মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির মহাসচিব খলিলুর রহমান। পুলিশ এতে সন্দেহভাজন হিসাবে তিনজনকে গ্রেপ্তার করলেও হত্যাকাণ্ডের জট খোলায় কোন কিনারা করতে পারেনি। মামলার মূল আসামিরাও গ্রেপ্তার হয়নি। মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজনকে দুই দফায় হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। নতুন করে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ২ জানুয়ারি মতিঝিলের আবাসিক হোটেল জোনাকীর একটি কক্ষ থেকে দিলরুবা আক্তার নামের (২৬) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশ নিশ্চিত। তবে এর রহস্য উদঘাটনে পুলিশ কোন সূত্র খুঁজে পাচ্ছে না। ২ জানুয়ারি মিরপুরের কল্যাণপুরে একটি বাসা থেকে সোনিয়া ওরফে আল্লাদি (২৩) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আল্লাদির স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করার পর তাদের শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে ওবায়দুল হক (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওবায়দুলের স্ত্রী নাসিমাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ধারণা, নাসিমার প্রেমিক লাবলু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাবলুকে পুলিশ ধরতে পারেনি। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাবলুকে এখনো গ্রেপ্তার করা যায়নি। নাসিমাকে হেফাজতে এনে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে এখনো কিছুই স্বীকার করেনি। ৪ জানুয়ারি বংশালে পানি ব্যবসায়ী সাকিব আমান মাসুমকে (৩২) বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। চাঁদা দাবি করে না পাওয়ায় সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা। বংশাল থানার ওসি জমিরউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুম হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসাবে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কেউ অপরাধ স্বীকার করেনি। ৭ জানুয়ারি ঘটে দুটি হত্যাকাণ্ড। এর একটি ঘটে ডেমরা এলাকায়। ডেমরার হিজলতলা থেকে আসমা আক্তার (২৩) নামের এক পোশাক শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে কাফরুলের একটি ডোবা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাত ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটেছে। ডেমরা থানার ওসি নুরুল মোক্তাকিম ও কাফরুল থানার ওসি আনিসুর রহমান জানান, হত্যার বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কাফরুলে উদ্ধার পাওয়া মৃত ব্যক্তির পরিচয়ও জানা যায়নি। ৮ জানুয়ারি কামরাঙ্গীর চর ও গেণ্ডারিয়ায় দুটি হত্যাকাণ্ড ঘটে। কামরাঙ্গীর চরে একজন ব্যবসায়ী খুন হওয়ায় বিক্ষোভ করে ব্যবসায়ীরা। গেন্ডারিয়ায় খুন হয় এক স্কুলছাত্র। ওই ছাত্রের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থানাগুলোয় মামলা হয়েছে। পুলিশ কোন হত্যারই মূল হোতাকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেটি/কেএমএস/১১২০ ঘ.