২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওএমএস'র ট্রাকের সংখ্যা বাড়ানো হবে'

ঢাকা মহানগরীতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএম) ট্রাক ডিলারের সংখ্যা বাড়নোর নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 02:12 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএম) ট্রাক ডিলারের সংখ্যা বাড়নোর নির্দেশ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ট্রাকের বর্তমান সংখ্যা ১০১ থেকে বাড়িয়ে ১২৫ করা এবং আগামী এপ্রিল মাস পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার নির্দেশ দেন বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়। শনিবার তিনি নগরীর বিভিন্ন স্থানে ওএমএস কার্যক্রম পরিদর্শনকালে ক্রেতাদের ভিড় দেখে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী মোহাম্মদপুর নবদয় হাউজিং, মোহাম্মদপুর বেড়ি বাঁধ, রায়ের বাজার বধ্যভূমি, রায়ের বাজার মেরি স্টোপসের কাছে, শহীদ নগর, কামরাঙ্গীর চর লোহার পুলের কাছে দু'টি, মিরপুর মাজার, সোনি সিনেমা হল, শেওরাপাড়া, কাজীপাড়া ওএমএস কেন্দ্রসহ ১৫টি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। ওএমএস কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, এ কার্যক্রম মনিটরিং -এর জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঠিকমত পরিদর্শন করছেন কি না এবং কার্যক্রমে কী সমস্যা রয়েছে তা জানতে তিনি মাঠে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং এ কার্যক্রমে সরবরাহ করা চালের মান কেমন, ওজন ঠিক মত দেওয়া হয় কি না এবং ক্রেতারা কী কী সমস্যা রয়েছেন তার খোঁজ-খবর নেন। চালের ট্রাক সংখ্যা বাড়ানো হবে বলে মন্ত্রী উপস্থিত ক্রেতাদের আশ্বাস দেন। গত ২৬ ডিসেম্বর থেকে ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ঢাকা শহর ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগীয় শহরে ২৫টি করে এবং বরিশাল ও সিলেট বিভাগীয় শহরে ১৫টি করে ট্রাক ডিলার নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি জেলা শহরে ১০জন, প্রতিটি উপজেলা শহরে পাঁচজন এবং হাওড় এলাকার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে আটজন করে ডিলার ওএমএস-এর চাল বিক্রি করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/০১০১ ঘ.