ঝিনাইদহ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামে এক শিশুর মৃত্যুর কারণ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
তৈলকুপ গ্রামের বাসিন্দা শওকত আলীর তিন বছর বয়সী ছেলে সাব্বির শনিবার দুপুরে পোলিও টিকা খাওয়ানোর পর মারা যায়। চিকিৎসকরা বলেছেন, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত ছিলো।
পরিবারের অভিযোগ, দুপুর ১টার দিকে সাব্বিরকে পোলিও টিকা খাওয়ানো হয়। এরপরই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু মৃত্যুর খবর পেয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কেরামত আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফাত্তাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা. পঙ্কজ কুমার ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুন কুমার শিশুটির বাড়িতে যান। তারা বাড়ির লোকজন ও প্রতিবেশিদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকরা সাংবাদিকদের জানান, পোলিও টিকা খাওয়ানোর জন্য নয়, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত ছিল। এ কারণে তার মৃত্যু হয়েছে।
শিশুটির বাবা শওকত আলী শেখ সাংবাদিকদের বলেন, মাঠে যাওয়ার সময় তিনি বাড়িতে সুস্থ ছেলে রেখে যান। মাঠে কাজ করার সময় তিনি ছেলের মৃত্যুর খবর পান।
চিকিৎসকরা আরো জানান, যে ফাইল থেকে সাব্বিরকে পোলিও টিকা খাওয়ানো হয়েছে ওই ফাইল থেকে একই বাড়ির অন্য শিশুদেরও খাওয়ানো হয়েছে। তারা সুস্থ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮৪৩ ঘ.
bdnews24