ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহআলী থানা এলাকায় নিজের বাসায় এক গৃহবধূ অ্যাসিডদগ্ধ হয়েছেন। অ্যাসিড ছোড়ার অভিযোগে তার স্বামী ও সতীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অ্যাসিডদগ্ধ শাহনাজ বেগম (৪৫) অভিযোগ করেছেন, স্বামী শাহেদ আলী এবং সতীন শিউলি বেগম তার ওপর অ্যাসিড ছুড়েছে।
শাহনাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার কোমর থেকে পা পর্যন্ত ঝলসে গেছে।
শাহ আলী থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক অভিযোগ পাওয়ার পর পুলিশ শাহেদ ও শিউলিকে গ্রেপ্তার করেছে।
শাহনাজ পুলিশকে বলেছেন, স্বামী তার মুখ চেপে ধরে এবং সতীন অ্যাসিড তার শরীরে ঢেলে দেয়।
শাহনাজের প্রথম স্বামী আব্দুল হান্নান শেখ চার সন্তান রেখে প্রায় আট বছর আগে মারা যান। এরপরই তিনি রং মিস্ত্রি শাহেদ আলীকে বিয়ে করেন।
বিয়ের পর কিছুদিন সংসার করলেও শাহেদ আরেকটি বিয়ে করে আলাদা থাকা শুরু করেন। তখন থেকে সন্তানদের নিয়ে মিরপুর ১ নম্বর সেকশনের ২৪ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে ঘর ভাড়া করে থাকছেন শাহনাজ। সংসার চালাচ্ছেন গৃহপরিচারিকার কাজ করে।
ভরনপোষণের দাবি নিয়ে শাহেদ আলীর সঙ্গে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিলো বলে জানান শাহনাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/১৫১২ ঘ.
bdnews24