হবিগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে জ্বালানী মন্ত্রণালয়ের সহকারী সচিব ইমরুল মহসিনের ভাই ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার মেরাসানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজোয়ানুল মহসিন টিপু পেশায় ব্যবসায়ী।
ডাকাত দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
মাধবপুর থানার ওসি আব্দুল বাসেত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০-২৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত বাড়ির গ্রিল ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। ওই সময় টিপু ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই টিপু মারা যান।
লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24