চাঁদপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতীর রক্ষার কাজে অনিয়মের অভিযোগ করেছে স্থানীয় একটি নাগরিক সংগঠন।
মেঘনার ভাঙন থেকে উপজেলাটিকে রক্ষায় ১২৮ কোটি টাকার এক প্রকল্পের কাজ চলছে।
কাজটি সুষ্ঠুভাবে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রজন্ম বাংলাদেশ নামের সংগঠনটি দাবি করেছে, সেখানে নিুমানের পাথর ব্যবহার করা হচ্ছে। ব্লকগুলোও ভালোভাবে তৈরি করা হচ্ছে না। বালুর বস্তাও (জিও ব্যাগ) ভালো নয়।
সংগঠনটি আরো দাবি করেছে, কাজটি যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না।
তবে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, অনিয়মের অভিযোগ ঠিক নয়।
শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করে প্রজন্ম বাংলাদেশের একটি দল।
সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী সরদার আমিনের নেতৃত্বে পর্যবেক্ষণ দলটি শুক্রবার দিনভর কাজ দেখে রাতে চাঁদপুর ফিরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে।
সরদার আমিন সাংবাদিকদের জানান, কাজটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নদী ভাঙন রোধ প্রজন্ম ফোরাম নামে একটি সংগঠন করা হয়েছে। যাতে কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়।
সভায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, হাইমচরকে নদীভাঙন থেকে রক্ষাকল্পে যে কাজ চলছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক তারা সেটা চান। যাতে এই এলাকার লোকজনকে আর নদীভাঙনের শিকার না হতে হয়।
তিনি অভিযোগ করেন, কাজটি দেখাশুনার জন্য সরকারিভাবে যে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে তার কার্যক্রম লক্ষ্য করা যায়নি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন, ব্যারিস্টার ওমর ফারুক, নাগরিক সংহতি নেতা শরিফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী প্রমুখ।
অভিযোগের ব্যাপারে রাতে চাঁদপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফয়জুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজে কোনো অনিয়ম হচ্ছে না। তবে কিছু বড় পাথর ফেলা হয়েছে। সেগুলো অপসারণ করা হবে।
এছাড়া বালুর বস্তার মান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা করা। এর মান ঠিক আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১১ ঘ.
bdnews24