২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাত: বিআইডব্লিউটিএ কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান জানান, শুক্রবার বিকালে রাজধানীর পল্টনের 'এআর প্লাস' নামে সালামের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঈদ-উল-আযহার পর থেকেই আব্দুস সালাম পলাতক ছিলেন। গত ২৪ নভেম্বর হিসাব নিরীক্ষাকালে কর্মচারীদের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ড (সিপিএফ) থেকে ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়ে। পরে সালামকে আসামী করে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সহকারী হিসাবরক্ষক সালাম এই অর্থ আত্মসাত করেন বলে জানিয়েছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া। তিনি বলেন, "আপাতত সিপিএফ ফান্ড থেকে ১২ কোটি টাকা সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছি। এই অর্থের পরিমাণ আরো বাড়তে পারে।" দুর্নীতি দমন কমিশন এ ঘটনা তদন্ত করছে। একজন সহকারী হিসাবরক্ষক হলেও সালামের নামে পল্টনে একটি ট্র্যাভেল এজেন্সি, একটি গার্মেন্টস, সিরাজগঞ্জে একটি চালের কল, ছয়তলা ভবন ও সাভারে বিপুল পরিমাণ জমি রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২৩৮ ঘ.