রংপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষিঋণ বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিয়ার রহমান।
তিনি বলেন, কৃষকরা যাতে সহজেই ঋণ পেতে পারে সেজন্য মনিটারিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এবার তিনি নিজেই ঋণ বিতরণ মনিটরিং করবেন।
শুক্রবার সন্ধ্যায় রংপুরে সদর উপজেলার মনোহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল ব্যাংক ও মনোহর আইসিএম কৃষি ক্লাব আয়োজিত কৃষক-কৃষাণী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কথা বলেন।
তিনি জানান, এবার কৃষি ঋণের পাশাপাশি নতুন নতুন খাত যেমন কমলা, আগর, স্ট্রবেরি, পান ও মধু চাষ, টিস্যু কালচার খাতে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলো নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষীদের সহজ শর্তে ঋণ, সৌরশক্তিচালিত সেচযন্ত্র ক্রয়, গরু পালন ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণ দিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
আতিউর বলেন, বর্গাচাষীদের প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি নিশ্চিত করার জন্য পাঁচশ' কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। এই স্কিম থেকে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার বর্গাচাষীকে ১৪০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
মনোহর আইসিএম কৃষক ক্লাবের সভাতি তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান, গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক।
পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নল ওই ক্লাবের ২০ জন ক্ষুদ্র উদ্যক্তার মাঝে ২০ হাজার টাকা করে ২ লাখ টাকার ঋণের চেক বিতরণ এবং ১০জন কৃষককে গরু দেন।
সকালে বগুড়ায় চরাঞ্চলের দুই হাজার ছাত্র-ছাত্রীর মাঝে সৌর বিদ্যুতচালিত বাতি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সৌর প্যানেলের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ দিয়ে প্রতিষ্ঠান চালানোর জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।
এই বিষয়ে 'গ্রিন ব্যাংকিং' নামের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো নিজেরা যেমন সৌর বাতি ব্যবহারের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠান আলোকিত করবে, ঠিক তেমনি অন্যকে তা ব্যবহারের ব্যাপারে উদ্বুদ্ধ করার পাশাপাশি সম্ভব সব রকমের সহায়তা করবে।
বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি মিলায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ এর আবাসিক পরিচালক এ কে এম মুসা।
'নদী ও জীবন' প্রকল্পের আওতায় পাবনা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ছয় জেলায় ছয়টি বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত বিদ্যালয়ের দুই হাজার ছাত্র-ছাত্রীর সৌর বিদ্যুতের বাতি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশন ও আইরিশ সাহায্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ এর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24