ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের দিনবদলের প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান আমলাতন্ত্রকে অন্তরায় হিসেবে দেখছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে বলেছেন, "সরকার দিনবদলের যে অঙ্গীকার করে ক্ষমতা গ্রহণ করেছে, তা যদি বাস্তবায়ন করতে হয়; তাহলে সে রকম লোক লাগবে, সে রকম আমলা লাগবে। কিন্তু সে রকম লোকবল এবং আমলা নেই। আমলাতন্ত্রের মধ্যেই ঘাপটি মেরে রয়েছেন প্রতিক্রিয়াশীলরা।"
"এদের সনাক্ত করে সরিয়ে ফেলতে না পরলে দিনবদল সম্ভব নয়", বলেন তিনি।
দিন বদলের প্রতিশ্র"তি দিয়ে আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বৃহস্পতিবারই দুই বছর পূর্ণ করলো। দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ক্ষেত্রে সাফল্য দাবি করে সরকারের কর্মসূচির ফল পেতে দেশবাসীকে আরেকটি ধৈর্য ধরার অনুরোধ করেছেন।
রাজনীতিতে দুর্বৃত্তায়নের সমালোচনা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, "আমাদের দেশ একটি গরিব দেশ। এখানে মানুষ দু' বেলা দু' মুঠো খেতে পায় না। এখানে যেসব রাজনীতিকরা দুর্নীতি করেন, দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হন। সে টাকা আবার বিদেশে পাচার করেন। তাদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না, কমিশনের পক্ষ থেকে আমি জনগণের কাছে প্রশ্ন করছি।"
মানবাধিকার ও বাসযোগ্য পরিবেশ সুরক্ষায় পুলিশ-গণমাধ্যম ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখেন মিজানুর রহমান।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24