চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে চট্টগ্রাম কারাগার ও আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
জেএমবি'র আত্মঘাতী দলের সদস্য দাবি করে 'সীতাকুণ্ডের দুই ব্যক্তির নামে' চট্টগ্রাম কারারক্ষক রফিকুল কাদের বরাবর পাঠানো একটি চিঠিতে এ হুমকি দেওয়া হয়। বুধবার চিঠিটি কারাগারে পৌঁছে।
চিঠিতে চট্টগ্রাম কারাগারে বন্দি ২৭ জেএমবি সদস্যকে এক মাসের মধ্যে ছেড়ে দেওয়া না হলে বোমা মেরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, আদালত ভবন ও থানা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এক পৃষ্ঠার ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার কুমিরার পাকা মসজিদ সংলগ্ন পশ্চিম ঘোড়ামাড়া এলাকার শওকত আলীর ছেলে দাবি করে আব্দুল মান্নান ও আব্দুল হান্নান পরিচয় দিয়ে চিঠিটি পাঠানো হয়।
কোতয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে চিঠি প্রেরকের ঠিকানা ধরে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।"
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে কোতয়ালি থানা পুলিশের একটি দল সীতাকুণ্ডের পশ্চিম ঘোড়ামাড়া এলাকা পরিদর্শন করেছে।
"তবে তারা হুমকিদাতা কাউকে শনাক্ত করতে পারেনি", বলেন ওসি।
তিনি জানান, হুমকির ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, চট্টগ্রাম আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
তদন্তের সঙ্গে যুক্ত কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘোড়ামাড়া এলাকায় ঘটনা তদন্ত করে দেখছি।"
তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/কেএমএস/২০৪৯ ঘ.
bdnews24