২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী শেখ মো. ফারুক মাদ্রাজীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী শেখ মো. ফারুক মাদ্রাজীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) সহকারি উপ কমিশনার মো. নজরুল ইসলাম জানান, পুলিশের একটি দল কোতয়ালী থানার ৪৪/৪৫ জিন্দাবাহার ১ম গেট এলাকায় অভিযান চালায়। তারা আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী ভারতীয় নাগরিক শেখ মো. ফারুক মাদ্রাজী (৪৭) ও বিশ্বজিৎ ওরফে বিষুকে (স্থানীয় গডফাদার) গ্রেপ্তার করে। ফারুক মাদ্রাজীর কাছ থেকে ৩২ বোরের ১টি বিদেশি রিভলবার, রিভলবারের ৩টি গুলি, দেশি ১০০ টাকা মূল্যমানের ৫০টি জাল নোট এবং ভারতীয় ৫০০ রুপি মূল্যমানের ২০টি নোট উদ্ধার করা হয়েছে। গত বছর ১৮ অগাষ্ট ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ৮কেজি ইফিড্রিন জাতীয় মাদক দ্রব্য আটক হওয়ার ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তের সময় গোয়েন্দা পুলিশ দেশি-বিদেশি মোট ০৬ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত ৬ জন আসামি হলেন, সেলিম (দালাল), তারিকুল (সিএন্ডএফ এজেন্ট), খন্দকার গোলাম মোস্তফা (সিএন্ডএফ এজেন্ট), মাহফুজ (বিমান লোডার), নাজিম উদ্দিন লস্কর (বিমান নিরাপত্তারক্ষী) ও শাকিল (বিহারী)। রাসায়নিক পরীক্ষকের মতামত অনুযায়ী উদ্ধারকৃত ইফিড্রিন দ্বারা প্রায় ৪শ কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা জাতীয় মাদক দ্রব্য তৈরি করা সম্ভব। গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে মাহফুজ ও শাকিল ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই জবানবন্দির ভিত্তিতেই বুধবার অভিযান চালিয়ে ফারুক মাদ্রাজীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২০১৮ ঘ.