২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যোগাযোগ আমূল পাল্টেছে, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হবে'

মহাজোট সরকারের দুই বছরে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের দুই বছরে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "রেল সংযোগসহ বহু আকাক্সিক্ষত পদ্মা বহুমূখি সেতুর মূল নির্মাণ কাজ এবং পদ্মা সেতুর উভয় প্রান্তে রেললাইন স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে।" মহাজোট সরকারের দু'বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন সেতু ও সড়ক নির্মাণসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। ঢাকার যানজট নিরসনে উড়াল সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, কমিউটার ট্রেন ও ওয়াটার বাস সার্ভিস চালুর বিষয়টিও শেখ হাসিনা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, "প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।" প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল ছাত্রছাত্রীর মধ্যে বই বিতরণ, পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণীতে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতি চালুর বিষয়টি উল্লেখ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, "এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে।" শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের বিষয়টিও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে। শেখ হাসিনা বলেন, ছয়টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, "আমরা ইতোমধ্যে ৩০টি মডেল মাদ্রাসা স্থাপন করেছি। ১০০টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স খোলা হয়েছে। ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।" তিনি আরো বলেন, "আমরা চাই, নতুন প্রজন্মকে যথাযথভাবে ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে।" সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০২ ঘ.