চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় সড়ক দখল করে দোকান বসানোর চেষ্টাকালে দুই সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহমেদের নেতৃত্বে নগরীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পরিমল দাশ (৩৫) ও মোহাম্মদ আলী (৪৫)।
এর আগে বুধবার চকবাজার এলাকায় এক কিলোমিটার সড়কে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানের এক দিনের মধ্যে আবারো সড়ক দখল করে দোকান বসানোর চেষ্টা করলে দৃষ্টান্ত হিসেবে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। যাতে কেউ সড়ক দখল করে দোকান স্থাপন না করে।
এ সময় দু'টি কাঠের দোকানও উচ্ছেদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/কেএমএস/১৯০৬ ঘ.
bdnews24