ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে আড়াই শতাধিক পৌরসভার মধ্যে ২৯টি জেলার ৫৬টিতে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়; যদিও প্রধান বিরোধী দল বিএনপি সব পৌরসভায়ই সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলো।
আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে।
ইসিতে বৈঠকের পর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ২৯টি জেলার ৫৬টি পৌরসভায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটের আগে-পরে চার দিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
৫২টি পৌরসভায় বিডিআর সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি। ভোটের আগে-পরে পাঁচ দিন তারা দায়িত্ব পালন করবেন
চট্টগ্রাম বিভাগের চারটি পৌরসভায় (কচুয়া, ব্রাহ্মণবাড়িয়া, রাউজান ও রাঙ্গুনিয়া) সেনা ও বিডিআর সদস্যরা একইসঙ্গে দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বাছাই করা পৌরসভায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক প্লাটুন করে (১৫-২০ জন) বিডিআর সদস্য নিয়োজিত থাকবে। তবে ক'জন সেনাসদস্য থাকবে তা জানানো হয়নি।
ইসি জানিয়েছে, প্রতিটি স্ট্রাইকিং ফোর্স-এর নেতৃত্বে থাকবেন একজন করে নির্বাহী হাকিম। ইতোমধ্যে পৌর নির্বাচনী এলাকায় ২৯৭ জন নির্বাহী হাকিম ও ২৫৯ জন বিচারিক হাকিম নিয়োজিত করা হয়েছে।
কী বিবেচনায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে- জানতে চাওয়া হলে ছহুল বলেন, ঝুঁকিপূর্ণ ও পৌরসভার আয়তন বিবেচনা করে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে।
সব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি নিয়ে মঙ্গলবারও সিইসির সঙ্গে দেখা করে বিএনপি। তবে ইসি তাতে সাড়া দেয়নি।
শামসুল হুদা আগে থেকেই বলে আসছেন, পৌরসভা নির্বাচনে সীমিত আকারেই সেনা মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার কমিশনের বৈঠকে অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনী
রংপুর ও রাজশাহী বিভাগের ৫ জেলার ১৪ পৌরসভায় সেনাবাহিনীর সদস্যরা ১০ জানুয়ারি সকাল ৬টা থেকে ১৩ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোতায়েন থাকবে।
খুলনা ও রাজশাহী বিভাগের ৯ জেলার ১৭ পৌরসভায় সেনাসদস্যরা ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকবে।
ঢাকা বিভাগের ৬ জেলার ১১ পৌরসভায় ১৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৮ জেলার ১৪ পৌরসভায় ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে।
এরমধ্যে উপকূলীয় পৌরসভা পাথরঘাটা, লালমোহন, মোড়েলগঞ্জ, মুলাদী, সন্দ্বীপ ও হাতিয়া পৌরসভায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
সাতটি বিভাগের ২৪৩ পৌরসভায় ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চার দিনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রাজশাহী ও রংপুরে ১২ জানুয়ারি, খুলনা ও বরিশালে ১৩ জানুয়ারি, ঢাকায় ১৭ জানুয়ারি এবং চট্টগ্রাম ও সিলেটে ১৮ জানুয়ারি ভোট গ্রহণ হবে।
এছাড়া ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানের ১৪ পৌরসভায় নির্বাচন হবে। এসব পৌরসভায় সেনা ও বিডিআর মোতায়েনের বিষয়ে কিছুই জানায়নি ইসি।
বিডিআর সদস্য
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের দুই দিন আগে থেকে ভোটের পর আরো দুই দিন (মোট পাঁচ দিন) বাছাই করা পৌরসভায় এক প্লাটুন করে বিডিআর দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড থাকবে নির্বাচনের দুইদিন আগে থেকে পরদিন পর্যন্ত মোট চারদিন।
রংপুর ও রাজশাহী বিভাগের ২০ পৌরসভা, খুলনা ও বরিশালের ৫ পৌরসভা, ঢাকা বিভাগের ১টি, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ পৌরসভায় স্টাইকিং ফোর্স হিসেবে বিডিআর সদস্য মোতায়েন করা হবে।
পৌরসভাগুলো হলো- পঞ্চগড়, লালমনিরহাট, পাটগ্রাম, ঠাকরগাঁও, রাণীশংকৈল, পীরগঞ্জ, নীলফামারী, জলঢাকা, সৈয়দপুর, হারাগাছ, কুড়িগ্রাম, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, হাকিমপুর, ভবানীগঞ্জ ও তাহেরপুর, গোদাগাড়ী ও কাঁকনহাট, তানোর ও মুণ্ডুমালা, কেশরহাট, চারঘাট, জয়পুরহাট, মনিরামপুর, কলারোয়া, পাইকগাছা, বাগেরহাট, মংলাপোর্ট, করিমগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, দিরাই, জগন্নাথপুর, সেনবাগ, চৌমুহনী, চান্দিনা (প্রয়োজনে দাউদকান্দি), চৌদ্দগ্রাম, ছেংগারচর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সোনাগাজী, বারইয়ারহাট, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, বান্দরবান, লামা ও রাঙামাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এমআই/১৭২৯ ঘ.
bdnews24