২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনি মেলায় 'জালাল বাহিনী'র হামলা

প্রধান অতিথি না করায় নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা জালাল তালুকদার মনি মেলার সমাপনী অনুষ্ঠান পণ্ড করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নেত্রকোনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান অতিথি না করায় নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা জালাল তালুকদার মনি মেলার সমাপনী অনুষ্ঠান পণ্ড করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের টংক স্মৃতি স্তম্ভের পাদদেশে মনি মেলার সমাপনী অনুষ্ঠান চলাকালে সাবেক এই আওয়ামী লীগ সাংসদের লোকজন হামলা চালায়। এ সময় জালাল তালুকদারের লোকজন (জালাল বাহিনী) মেলায় ২০টি স্টল ভাংচুর করে। এছাড়া জালাল তালুকদার ফাঁকা গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন মেলা উদযাপন কমিটির সদস্য আব্দুল্লাহ হক। এছাড়া দায়িত্ব পালনকালে সাবেক সাংসদ জালাল তালুকদার দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলামকে কলার ধরে টানাহেঁছড়া করেছেন বলে পুলিশ স্বীকার করেছে। মেলা উদযাপন কমিটির সদস্য আব্দুল্লাহ হক বলেন, কমরেড মনি সিংহ স্মরণে দুর্গাপুরে সপ্তাহব্যাপী মনি মেলা চলছিল। জালাল তালুকদারকে মেলায় প্রধান অতিথি না করায় মঙ্গলবার রাতে কমিটির নেতাদের মেলা বন্ধের নিদের্শ দেন তিনি। মেলা বন্ধ না করলে গুলি করে হত্যার হুমকি দেন বলে তিনি অভিযাগ করেন। বুধবার সকালে মেলা উদযাপন কমিটির আহবায়ক সোহরাব উদ্দিন দুর্গাপুর থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন বলেও তিনি জানান। আব্দুল্লাহ হক বলেন, সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান চলাকালে মেলায় আগত লোকদের ভয়ভীতি দেখাতে জালাল তালুকদার তার পিস্তল থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে আতঙ্কিত লোকজন মেলাস্থল ছেড়ে চলে যায়। জালাল তালুকদারের ফাঁকা গুলি ছোড়ার কথা স্বীকার করে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, তিনি (জালাল তালুকদার) তার কলার ধরে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে জালাল তালুকদার বলেন, তিনি হামলা বা গুলিবর্ষণ করেননি। মেলার ওখানে তার জায়গা আছে। তিনি জায়গা দেখতে গেছেন। তবে মেলার সমাপনী অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ হওয়ার কথা তিনি স্বীকার করেন। মনি সিংহ স্মরণে গত ৩১ ডিসেম্বর থেকে দুর্গাপুর উপজেলা সদরের টংক স্মৃতি স্তম্ভের পাদদেশে সপ্তাহব্যাপী মনি মেলা শুরু হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে মেলা উদ্বোধন করেন। বুধবার ছিল মেলার সমাপনী দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৬ ঘ.