২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের দাবি পূরণে সরকার আন্তরিক: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পুলিশের যে কোন দাবি পূরণের ব্যাপারে বর্তমান সরকার আন্তরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পুলিশের যে কোন দাবি পূরণের ব্যাপারে বর্তমান সরকার আন্তরিক। মঙ্গলবার পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর রাজারবাগ টেলিকম মিলনায়তনে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বরাবরের মতো এবারও এ বৈঠকে পুলিশ কর্মকর্তারা তাদের সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বক্তব্য রাখেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, লক্ষীপুর জেলার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার, ঝিনাইদহের পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তরের উপপুলিশ কমিশনার, পুলিশ সদরদপ্তরের দুইজন সহকারি মহাপুলিশ পরিদর্শক এবং গাজিপুরের পুলিশ সুপার বক্তব্য রাখেন। সাহারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূূমিকা অপরিহার্য। অপরাধ এখন স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে পৌঁচেছে। এজন্য পুলিশকে সবসময় সজাগ থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে হতে হবে আন্তরিক। চুয়াডাঙ্গার পুলিশ সুপার বলেন, জেলার চরমপন্থীরা মাঝেমধ্যে সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীদের চিহ্নিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে সাধারণ মানুষের মধ্যে আতংক কমে যাবে। চোরাচালান পণ্য উদ্ধারের পর বিডিআর এবং কাস্টমস এর মতো পুলিশকে পণ্যের মোট মূল্যের শতকরা ৩০ ভাগ দেওয়ার দাবি জানান খুলনার পুলিশ সুপার। এতে পুলিশ সদস্যরা চোরাচালানের পণ্য উদ্ধারে উৎসাহিত হবে বলে তিনি মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২৩২০ ঘ.