রাজশাহী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়নাতদন্তের জন্য ২১ দিন পর রাজশাহীর তানোর উপজেলার এক গৃহবধূর লাশ কবর থেকে তোলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের উপস্থিতিতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের সুফিয়ার লাশ তোলা হয়।
গত ১২ নভেম্বর গ্রাম্য সালিশে ফতোয়াবাজদের বিচারে দোররা মারলে সুফিয়া গুরুতর অসুস্থ হন। ১৪ ডিসেম্বর তার মৃত্যু হয়।
লাশ তোলার সময় তানোর থানার ওসি আজিজুল হক সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, কচুয়া গ্রামের ওমর আলী প্রামাণিকের স্ত্রী সুফিয়া বেগমের সঙ্গে তার (সুফিয়া) সৎ ছেলে আবদুল হান্নানের অবৈধ মেলামেশার অভিযোগে গত ১২ নভেম্বর গ্রাম্য সালিশে সুফিয়া ও হান্নানকে ৪০ ঘা করে দোররা মেরে তওবা করানোর ফতোয়া দেওয়া হয়।
দোররার আঘাতে সুফিয়া জ্ঞান হারালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বললেও অর্থের অভাবে নেওয়া যায়নি। এরপর তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়। ১৪ ডিসেম্বর সুফিয়া মারা যান।
এ ঘটনায় স্থানীয় মাতব্বর নওশের আলী, জহির উদ্দিন, এনামুল হক, আফসার আলী, সাজ্জাদ হোসেন, বাক্কার আলী ও মেহেরজানকে আসামি করে তানোর থানায় গত ১৯ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ওই মামলায় সাজ্জাদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সুফিয়ার ভাই তৈমুর সাংবাদিকদের অভিযোগ করেন, গ্রামের মাতবররা মিথ্যা অপবাদ দিয়ে তার বোনকে দোররা মেরেছে। এতে সুফিয়া কিডনিতে আঘাত পান। ওই আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানোর থানার ওসি আজিজুল হক বলেন, সুফিয়ার ভাই তৈমুর রহমান মামলা দায়ের করায় আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর আবার দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24