ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিংবদন্তীর রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- সুচিত্রা মিত্রের মৃত্যুতে বাঙালি সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা একজন অভিভাবক হারালেন।
রবীন্দ্রচর্চা ও বিকাশে সুচিত্রা মিত্রের অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সুচিত্রা মিত্র সোমবার দুপুরে মারা যান। ভারতের কোলকাতায় নিজ বাসভবনে দুপুর দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা।
শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত সৃষ্টিতে এ প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাজ করে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গড়তে বাংলাদেশের শিল্পীদের সঙ্গে ওই সময় পথেপথে গান করেছেন।"
১৯২৪ সালে জন্ম নেওয়া সুচিত্রা মিত্র প্রায় ছয় দশক গান করেন। তার গাওয়া গান প্রথম প্রকাশ হয় ১৯৪৫ সালে। তার গাওয়া গান রবীন্দ্রসঙ্গীতের শ্রোতাদের কাছে এখনো জনপ্রিয়।
১৯৭৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে।
সাহিত্যিক সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের মেয়ে সুচিত্রা রবীন্দ্রসঙ্গীতের প্রথম পাঠ নেন আরেক খ্যাতনামা শিল্পী পঙ্কজ মল্লিকের কাছে। এরপর বৃত্তি নিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে যান।
সুচিত্রা মিত্র ২০০১ সালে কোলকাতার সম্মানসূচক শেরিফের দায়িত্ব পালন রেন। রবীন্দ্রাভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে দাযিত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১০৭ ঘ.
bdnews24