২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর সুচিকিৎসার দাবি পরিবারের সদস্যদের

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সুচিকিৎসার বিষয়ে তার পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সুচিকিৎসার বিষয়ে তার পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডির বাসভবনে পরিবারের পক্ষে এক সংবাদ ব্রিফিঙে তার মেয়ে ফারজিন কাদের চৌধুরী এই উদ্বেগের কথা জানিয়ে তার বাবার সুচিকিৎসার ব্যবস্থা নিতে আবারো সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সেইসঙ্গে তিনি অভিযোগ করেন যে, সালাউদ্দিন কাদের চৌধুরীর চিকিৎসা নিয়ে সরকার 'নাটক' করছে। ফারজিদ কাদের বলেন, "বাবার (সাকা চৌধুরী) দুইবার হার্ট অ্যাটাক হয়েছে। ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি গুরুতর অসুস্থ। তার কোনো চিকিৎসা কারাগারে হচ্ছে না। আমরা বাবার জীবন নিয়ে উদ্বিগ্ন।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে গত ১৬ ডিসেম্বর ভোররাতে গ্রেপ্তার করা হয়। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে আটক দেখানো হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর একমাত্র কন্যা ফারজিন পুলিশি হেফাজতে তার বাবার ওপর 'নির্যাতনের' অভিযোগ করে বলেন, "আজ পর্যন্ত তার বাবাকে ডাক্তার দেখানো হয়নি।'' হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার সকালে নারায়নগঞ্জ কারাগার থেকে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্যকে ঢাকায় আনার পর আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার সমালোচনা করেন ফারজিন কাদের। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "হাইকোর্টের আদেশ ছিল বাবাকে যেন উন্নত চিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তা না করে সকালে তাকে নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। দুপুরের দিকে পিজি হাসপাতালে আনা হয়। সেখানে কোনো ডাক্তার ছিল না। কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই তাকে আবার নিয়ে যাওয়া হয়। এই নাটক কেন করা হচ্ছে- তার ব্যাখ্যা আমরা চাই।'' সংবাদ ব্রিফিঙে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরীসহ তার ছেলে ও স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সকালে সালাউদ্দিন কাদেরকে নারায়নগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। ২৬ ডিসেম্বর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়নগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সালাউদ্দিনের স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর রিট আবেদনে বিএনপি নেতাকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার আদেশ দেয়। সরকারের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এসকে সিনহা মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৫ ঘ.