২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ঘণ্টায় ডাকাতি ১৬ বাড়িতে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি গ্রামে হানা দিয়ে দুই ঘণ্টায় ১৬টি বাড়িতে লুটপাট চালিয়েছে একদল ডাকাত। ডাকাতের হামলায় আহত হয়েছে ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি গ্রামে হানা দিয়ে দুই ঘণ্টায় ১৬টি বাড়িতে লুটপাট চালিয়েছে একদল ডাকাত। ডাকাতের হামলায় আহত হয়েছে ছয় জন। মঙ্গলবার রাত দেড়টা থেকে ৩টা পর্যন্ত সোনাকানিয়া গ্রামের চারটি পাড়ায় এ গণডাকাতি হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। স্থানীয়রা ১৬টি বাড়িতে ডাকাতির খবর জানালেও পুলিশ বলছে, ডাকাতি হয়েছে আটটি বাড়িতে। স্থানীয়রা জানিয়েছে, ডাকাতরা এইসব ঘর থেকে নগদ ৩ লাখ টাকা, ৪২ ভরি স্বর্ণালঙ্কার, ৩৫টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন ডাকাতি হওয়া ঘরের মালিকদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত সোনাকানিয়া গ্রামের দীপের কূল, সাইরতলী, আছারতলী ও বৈদ্য সোয়ারতলী এলাকার বিভিন্ন ঘরের মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি চালায়। ডাকাতরা বৈদ্যনাথ পাড়ার জিয়াবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নুর আহম্মদ, আবুল কাশেম; সাইরতলী পাড়ার নুরুল আমিন, রফিক আহমেদ, মোস্তাক আহমদ, নুরুল ইসলাম, মোহাম্মদ রুবেল ও নওশা মিয়া; আচারতলী পাড়ার জাফর আলম, সাবের আহমদ, নুরুল আলম এবং দীপের কূল পাড়ার হাফিজুর রহমান, বশির আহমদ ও নাছির উদ্দিনের বাড়িতে ডাকাতি করে। ডাকাতি হওয়া বাড়িগুলোর অনেকেই বিদেশে থাকেন বলে নাজিম জানান। ডাকাতরা এসব বাড়ির ছয় বাসিন্দাকেও মারধর করে বলে জানান তিনি। সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা রাতের বেলা সাত-আটটি ঘরে ডাকাতি করে।" মোবাইল ফোনসেট ও স্বর্ণালঙ্কারসহ ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে তিনি দাবি করেন। এই ঘটনায় মোহাম্মদ নাছির নামে এক ব্যক্তি বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি ডাকাতির মামলা করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে ওসি খালেদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৫৭ ঘ.