২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫২ পৌরসভায় থাকবে বিডিআর

নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে অর্ধশতাধিক পৌরসভায় বিডিআর সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে অর্ধশতাধিক পৌরসভায় বিডিআর সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব পৌরসভার প্রতিটিতে নির্বাচনের দুদিন আগে এক প্লাটুন করে বিডিআর সদস্য মোতায়েন করা হবে। পরবর্তী দুদিনসহ মোট পাঁচ দিন তারা দায়িত্ব পালন করবে। বিডিআর (সদ্য নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েনের বিষয়টি চূড়ান্ত হলেও সেনাবাহিনী দেওয়ার বিষয়টি এখনো পরিকল্পনার মধ্যে রয়েছে। মাঠপর্যায়ের নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পাঠানো স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত পরিপত্রে আরো বলা হয়, কোন কোন পৌরসভায় সেনাবাহিনী কয়দিনের মোতায়েন করা হবে এবং তাদের কার্যপরিধি কী হবে- তার বিস্তারিত কর্মপরিকল্পনা পরে জানানো হবে। গত ২৯ ডিসেম্বর এই পরিপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়। এ ব্যাপারে মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্তবর্তী এলাকায় বিডিআর ও উপকূলীয় এলাকায় উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) মোতায়েন করা হবে। কোস্টগার্ড থাকবে নির্বাচনের দুইদিন আগে থেকে পরদিন পর্যন্ত মোট চারদিন। তারা বরগুনার পাথরঘাটা, ভোলার লালমোহন ও নোয়াখালীর হাতিয়া পৌরসভায় দায়িত্ব পালন করবে। আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের ২৫৬ পৌরসভায় নির্বাচন হবে। ২৫ জেলার ৫২ পৌরসভায় বিডিআর রংপুর ও রাজশাহী বিভাগের ২০ পৌরসভা, খুলনা ও বরিশালের ৫ পৌরসভা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ পৌরসভায় স্টাইকিং ফোর্স হিসেবে বিডিআর সদস্য মোতায়েন করা হবে। পৌরসভাগুলো হলো- পঞ্চগড়, লালমনিরহাট, পাটগ্রাম, ঠাকরগাঁও, রাণীশংকৈল, পীরগঞ্জ, নীলফামারী, জলঢাকা, সৈয়দপুর, হারাগাছ, কুড়িগ্রাম, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, হাকিমপুর, ভবানীগঞ্জ ও তাহেরপুর, গোদাগাড়ী ও কাঁকনহাট, তানোর ও মুণ্ডুমালা, কেশরহাট, চারঘাট, জয়পুরহাট, মনিরামপুর, কলারোয়া, পাইকগাছা, বাগেরহাট, মংলাপোর্ট, করিমগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, দিরাই, জগন্নাথপুর, সেনবাগ, চৌমুহনী, চান্দিনা (প্রয়োজনে দাউদকান্দি), চৌদ্দগ্রাম, ছেংগারচর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, সোনাগাজী, বারইয়ারহাট, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, বান্দরবান, লামা ও রাঙামাটি। সেনা মোতায়েন সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাবাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিছু পৌরসভাকে চিহ্নিত করা হয়েছে। কমিশনের পক্ষ থেকেও কতগুলো পৌরসভাকে তালিকাভুক্ত করার জন্য বলা হয়েছে।" কোথায় কোথায় সেনা মোতায়েন হচ্ছে তা নির্বাচনের কয়েকদিন আগেই জানানো হবে জানিয়ে এই কমিশনার বলেন, "ওয়েট এ্যান্ড সি"। সাখাওয়াত আরো জানান, নির্বাচনের দুদিন আগে 'স্ট্রাইকিং ফোর্স' নামানো হবে। এই বাহিনী পাঁচদিন দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানিয়েছেন, সাভার, টাঙ্গাইল, ময়মনসিংহসহ ঝুঁকিপূর্ণ বিবেচনায় কিছু পৌরসভায় সীমিত আকারে সেনা মেতায়েন করা হবে। স্বরাষ্ট্র ও ইসি কর্মকর্তারা জানান, দেশের ২০ থেকে ৩০টি পৌরসভায় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে সেনা নিয়োগ করা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের পর থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার-এর ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করছে। আচরণবিধি ভঙ্গের কোনো আলামত নজরে এলে বা নির্বাচনী অপরাধ সংঘটিত হলে এই দলটি অভিযুক্তদের গ্রেপ্তার করবে এবং প্রয়োজনে বিচারের জন্য নির্বাহী ও বিচারিক হাকিমের সঙ্গে যোগাযোগ করবে। গুরুত্ব বিবেচনায় প্রতিটি পৌরসভার জন্য প্রয়োজনীয় র‌্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হবে। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী পাঁচজন পুলিশসহ ১৯ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ছয়জন পুলিশসহ ২০ জন নিয়োজিত থাকবে। রাজশাহী ও রংপুর বিভাগে ১১-১৩ জানুয়ারি, খুলনা ও বরিশালে ১২-১৪ জানুয়ারি, ঢাকায় ১৬-১৮ জানুয়ারি, সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলোয় ১৭-১৯ জানুয়ারি তাদের নিয়োগ করা হবে। এছাড়া ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভায়ও একইভাবে তারা কাজ করবে বলে জানান ইসি কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/১৯৪১ ঘ.