ঢাকা/মাদারীপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের এসপি সরদার তমিজউদ্দিন এবং জেলার রাজৈর থানার ওসিকে আগামী ১৩ জানুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে আদালত ওই ঘটনায় কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানাতে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, ডিআইজি (ঢাকা), মাদারীপুরের এসপি, মাদারীপুরের জেলা প্রশাসক ও রাজৈর থানার ওসিকে। এজন্য তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে।
গৃহবধূ শিলা মল্লিকের দায়ের করা রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি এএইচএম সামসুদ্দীন চৌধুরী এবং বিচারপতি শেখ জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালত শিলা মল্লিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য ডিসি, এসপি এবং ওসিকে আদেশ দিয়েছে।
একই সঙ্গে ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের জন্য আইন সচিবকে আদেশ দেওয়া হয়েছে।
শিলা মল্লিকের কৌঁসুলি মো. জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ অগাস্ট রাজৈর উপজেলার
কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি গ্রামের বাসিন্দা ভুপেন্দ্রনাথ মল্লিককে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী নির্যাতন করে।
এ ঘটনায় ২০ অগাস্ট রাজৈর থানায় একটি মামলা হয়।
মামলার পর সন্ত্রাসীরা ভুপেন্দ্রনাথ ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে ভুপেন্দ্রনাথ মল্লিকের স্ত্রী শিলা মল্লিক মাদারীপুরের এসপির সঙ্গে দেখা করে অভিযোগ করলে এসপি তাকে নির্মমভাবে প্রহার করেন।
শিলা মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার স্বামীকে হত্যার হুমকিদাতা সন্ত্রাসীদের ব্যাপারে নালিশ করার জন্য গত ৫ অক্টোবর মাদারীপুরের এসপি সরদার তমিজউদ্দিন আহমেদের কাছে গেলে তিনি তার নিজ অফিস কক্ষে আমাকে আটকে রেখে শারীরিক নির্যাতন করেন। এই ঘটনা সে সময় দেশের সকল গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়। আমার ওপর যে নির্যাতন চালানো হয়েছে তার ন্যায়বিচার আমি চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএন/কেএমএস/১৫৫৩ ঘ.
bdnews24