ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত-শিল্পী সুচিত্রা মিত্র সোমবার দুপুরে মারা গেছেন। ভারতের কোলকাতায় নিজবাসভবনে দুপুর দেড়টার দিকে মারা যান তিনি।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দুপুরের খাবার খাওয়ার সময় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
১৯২৪ সালে জন্ম নেওয়া সুচিত্রা মিত্র প্রায় ছয় দশক গান করেন। তার গাওয়া গান প্রথম প্রকাশ হয় ১৯৪৫ সালে। রবীন্দ্রসঙ্গীতের শ্রোতাদের কাছে তার গাওয়া গান এখনো জনপ্রিয়।
১৯৭৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে।
সাহিত্যিক সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের মেয়ে সুচিত্রা রবীন্দ্রসঙ্গীতের প্রথম পাঠ নেন আরেক খ্যাতনামা শিল্পী পঙ্কজ মল্লিকের কাছে। এরপর বৃত্তি নিয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে যান।
সুচিত্রা মিত্র ২০০১ সালে কোলকাতার সম্মানসূচক শেরিফের দায়িত্ব পালন করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে দাযিত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচকে/পিডি/১৯০৪ ঘ.
bdnews24