২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির দাবিতে মধ্যপাড়া খনি ফটকে অবস্থান ধর্মঘট

দিনাজপুরের মধ্যপাড়া কঠিনশিলা খনিতে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে মধ্যপাড়া অধিকার রক্ষা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

দিনাজপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের মধ্যপাড়া কঠিনশিলা খনিতে স্থানীয় বেকার যুবকদের চাকরির দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে মধ্যপাড়া অধিকার রক্ষা কমিটি। সোমবার সকাল ১০টা থেকে খনির মূল ফটকের সামনে কমিটির ব্যানারে প্রায় তিনশ লোক মিছিল সমাবেশের পর অবস্থান ধর্মঘট শুরু করে। সমাবেশে বক্তারা খনিতে মধ্যপাড়ার স্থানীয় বেকারদের চাকরি দেওয়ার দাবি জানিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে বলে জানায়। দাবি না মানা হলে পরদিন থেকে লাগাতার কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. আবুল বাসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের জনবল চাহিদামত রয়েছে। চাকরির দাবি করলেইতো দেওয়া যায় না।" তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। আমাদের পক্ষে তাদের দাবি পূরণ সম্ভব নয়। অধিকার রক্ষা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খনি কর্তৃপক্ষ নিজেদের আত্মীয়-স্বজনসহ দূর-দূরান্তের বিভিন্ন এলাকার লোকজনকে কাজে নিয়োগ দিয়েছে। কিন্তু মধ্যপাড়া এলাকায় অনেক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতী রয়েছে, যাদের চাকরি দেওয়া হচ্ছে না।" তিনি জানান, এ বিষয়ে কর্তৃপক্ষকে অনেকবার লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। মুজাহিদুল বলেন, দাবি না মানলে লাগাতার অবস্থান ধর্মঘটসহ এলাকাবাসীকে নিয়ে বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬২৩ ঘ.