ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৌশলী আব্দুল হামিদ হত্যামামলার পাঁচ আসামির খালাসের আদেশ প্রত্যাহার করেছে আদালত।
সোমবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম খালাসের আদেশ প্রত্যাহার করে আগামী ৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
গত ২৮ ডিসেম্বর সরকারের এক আবেদনে হামিদ হত্যামামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে মামলার দুই পলাতক আসামিসহ পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেন একই বিচারক।
পরদিন মামলা না চালানোর সিদ্ধান্ত থেকে সরে আগের আদেশ প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন সরকারি আইন কর্মকর্তা ও আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শামছুল হক বাদল।
বিচারক ওই আবেদনে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন।
গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ মামলার সব আসামির খালাস চেয়ে আদালতে রাষ্ট্রপক্ষ আবেদন করে। সেদিন বিচারক কানিজ আকতার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শামছুল হক বাদলকে বলেছিলেন, মামলাটি প্রত্যাহারের আবেদন সুনির্দিষ্ট নয়।
আদালত জানতে চায়, কোন কোন আসামির নাম সরকার প্রত্যাহার করতে চায়। তখন পাঁচজনের জন্য আবেদন হয়।
মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রথমে চিহ্নিত হলেও বাদি পক্ষের দাবি, নিহত প্রকৌশলী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
সোমবারের আদেশের পর নিহতের শ্যালক আফজাল হোসেন সন্তুষ্টি প্রকাশ করেন।
যাদের অব্যাহতি দেওয়া হয়েছিলো তারা হলেন- শাহীন মোল্লা, তার বড় ভাই শরীফ মোল্লা, বাবা জয়নাল আবেদীন মোল্লা এবং ইকবাল সিদ্দিকী ও হুমায়ুন কবীর।
তাদের মধ্যে হাজির থাকা জয়নাল আবেদীন, শরীফ ও ইকবালকে সোমবার জামিন দেয় আদালত।
মামলায় বাকি পাঁচ পলাতক আসামি হলেন- ফিরোজ মিয়া, জাকির হোসেন, নিরঞ্জন পাল, আশরাফুল ইসলাম দিপু ও লিটন ওরফে সুন্দরি লিটন।
২০০৫ সালের ২৯ জানুয়ারি রাজধানীর দক্ষিণখানে নিজ বাড়িতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী হামিদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ হামিদ পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় মামলা হলে পুলিশ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
স
bdnews24