২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোয়েটার কারখানায় বিক্ষোভ, ভাংচুর

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার একটি সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকার একটি সোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গ্লোবাল সোয়েটার ফ্যাক্টরি নামের এই কারখানায় 'পিস রেট' নিয়ে মালিক পক্ষের সঙ্গে বিরোধের জের ধরে সোমবার সকালে শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে। মালিকপক্ষ সোমবার দুপুর ১২টার দিকে কারখানা বন্ধ ঘোষণা করে। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সহকারি পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কারখানায় প্রায় প্রতি মাসেই নতুন করে পিস রেট নির্ধারণ করা হয়। চলতি মাসের রেট নির্ধারণে রোববার মালিকপক্ষ, শ্রমিক ও বিজিএমইএ প্রতিনিধি আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ব্যর্থ হয় বলে জানান মাসুদ। তিনি বলেন, "আগেও কয়েকবার এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিজিএমইএ প্রতিনিধিদের মধ্যস্থতায় সমাধান হয়েছিল। সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়। সকাল ১০ টার দিকে প্রাতরাশের বিরতির সময় তারা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কারখানায় কিছু ভাংচুর চালায়। চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, মালিকপক্ষ দুপুরে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা চলে গেছে। এতে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/কেএমএস/১৫০৮ ঘ.