সাভার, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এই উপজেলা রির্টানিং কর্মকর্তাকে রোববার সন্ধ্যায় সাভার থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়।
বুধবার রাতে আখাউড়া পৌরসভার মেয়রপ্রার্থী মো. মোবারক হোসেন রতনের একটি নির্বাচনী সভায় রাব্বী মিয়া বক্তব্য রাখেন বলে পরদিন দৈনিক যুগান্তর পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়।
প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে রাত সোয়া ৮টার দিকে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাভারের একজন মেয়র প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে আমাকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
"ওই আবেদনের ভিত্তিতে আমাকে প্রত্যাহার করা হয়েছে।"
তবে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, প্রত্যাহারের চিঠি এখনো পাননি। আগামীকাল পেতে পারেন।
ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়াকে প্রত্যাহার সংক্রান্ত কোনো কাগজ এখনো পাননি। তবে এই ইউএনও প্রত্যাহার হতে পারেন বলে তিনি জানান।
রোববার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, প্রভাব বিস্তারের অভিযোগে সাভার ও ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা) প্রত্যাহার করে অন্যত্র বদলির জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে বলার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫২ ঘ.
bdnews24