নারায়ণগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি সুতা কারখানায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
তবে ঘটনাটিকে 'রহস্যজনক' জানিয়ে পুলিশ বলেছে, এর সঙ্গে ব্যাংক ঋণের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার ধুপতারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় মেরি গোল্ড প্রাইড লিমিটেড নামের সুতাকলে ডাকাতি হয়েছে বলে জানান কারখানার ব্যাবস্থাপক রতন মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুখোশধারী ৪০-৫০ জনের একদল ডাকাত কারখানার দেয়াল টপকে ভেতরে ঢুকে।
তারা কারখানার নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখে। শ্রমিকরা বাধা দিলে ডাকাতরা তাদের উপরও হামলা চালায়।
এ ঘটনায় নয়জন আহত হন। এরা হলেন- নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, সিয়াম, শিহাব, নূর নবী, হেমাজউদ্দিন, আলমগীর, নয়ন, হারুন।
ব্যবস্থাপক জানান, ডাকাতরা দু'টি কাভার্ড ভ্যানে করে গুদাম থেকে ৭৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮০ কাউন্টের দুশ' ৭০ ব্যাগ সুতা, ১৫ লাখ টাকা মূল্যের ১১শ পিস গ্রে কাপড় নিয়ে যায়।
এছাড়া ডাকাতেরা কারখানার একটি সাদা প্রাইভেকটার নিয়ে গেছে বলেও জানান তিনি।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতির বিষয়টি রহস্যজনক। অভিযোগের সঙ্গে প্রাথমিক অনুসন্ধানে ব্যাপক গড়মিল পাওয়া গেছে।"
তিনি জানান, কারখানার ভেতর দু'টি কার্ভাডভ্যান রাখার মতো কোনো জায়গা নেই।
এ ঘটনায় বিকাল পর্যন্ত কারখানার মালিক ঘটনাস্থলে আসেননি জানিয়ে ওসি বলেন, কারখানার সঙ্গে ব্যাংক ঋণের কোনো সর্ম্পক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২২৭ ঘ.
bdnews24