ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার, খুলনা ও সাতক্ষীরায় রোববার চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে খুলনার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ, সাতক্ষীরার একটি চিংড়ি ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
সাভারে উদ্ধার করা দুজনের পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি চিংড়ি ঘের থেকে সকালে পুলিশ নজরুল ইসলামের (২৮) লাশ উদ্ধার করেছে। তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘের ব্যবসায়ী নজরুল ওই গ্রামের আব্দুস ছাত্তার সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, গানের অনুষ্ঠান দেখতে শনিবার সন্ধ্যায় নজরুল পাশের গ্রাম ধুলিহরের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে গোবিন্দপুর বাজারের পাশে তার নিজ ঘেরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নজরুলের বাড়িতে খবর দেয়।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুটি রহস্যজনক উল্লেখ করে ওসি বলেন, রাতে গান শুনে ফেরার সময় নজরুলের মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।
সাভার: দুপুরে সাভারের আমিনবাজারের কাউন্দিয়া ও রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন সাংবাদিকদের জানান, কাউন্দিয়া এলাকার একটি পুকুরে এলাকাবাসী লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। অজ্ঞাতনামা যুবকটির বয়স আনুমানিক ২৫ বছর।
তার পরনে জিন্স প্যান্টস ও কালো রংয়ের শার্ট ছিলো। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে এসআই জানান।
২/৩ দিন আগে দুস্কৃতকারীরা যুবকটিকে হত্যার পর লাশ ওই পুকুরে ফেলে যেতে পারে বলে পুলিশ ধারণা করছে।
একই থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ জানান, রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় বংশী নদীর ঘাটে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এই যুবকের লাশ উদ্ধার করে। তার পরনে জিন্স প্যান্টস ও কালো রংয়ের সোয়েটার ছিলো। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দুটি লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা: নগরীর ডাকবাংলা মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে হাছিনা বেগম (৩০) পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ২টার দিকে হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, শনিবার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাজু আহমেদ (৩৫) ও হাছিনা বেগম নগরীর ডাকবাংলা মোড়ের রাজমুকুট আবাসিক হোটেলের ৫০৫ নম্বর কক্ষটি ভাড়া নেয়।
হোটেলের নিবন্ধন খাতায় তাদের ঠিকানা লেখা ছিলো রহিমাবাদ, বাগেরহাট।
ওসি জানান, রোববার দুুপুর ২টার কিছুক্ষণ আগে হোটেল কর্তপক্ষ ওই কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ দেখে সন্দেহ করে। এক পর্যায়ে তারা খুলনা সদর থানায় খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯০৫ ঘ.
bdnews24