ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ব্যবসায়ীরা হঠাৎ করেই আমদানি বন্ধ করে দেওয়ায় আখাউড়া স্থল বন্দর প্রায় অচল হয়ে পড়েছে।
শনিবার মাছ ছাড়া আর কোনো পণ্য এ বন্দর দিয়ে রপ্তানি হয়নি। কী কারণে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি বন্ধ করেছে, তাও জানা যায়নি।
আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "কোনো কারণ ছাড়াই ত্রিপুরার আগরতলার ব্যবসায়ীরা মাছ ছাড়া আর কোনো পণ্য বাংলাদেশ থেকে আমদানি করছে না। এতে বন্দর অচল হয়ে পড়েছে।"
বন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী সাংবাদিকদের জানান, শনিবার দুপুর ১২টা পর্যন্ত শুধু মাছ রপ্তানি হয়েছে ভারতে। অন্য কোনো পণ্য আমদানি কিংবা রপ্তানি হয়নি।
আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই বলে দুই দেশের শুল্ক কর্মকর্তারাই জানিয়েছেন। তবে ভারতীয় ব্যবসায়ীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সফিকুল বলেন, "এ অবস্থা কতদিন চলবে তার কোনো সঠিক জবাব পাওয়া যায়নি ত্রিপুরার ব্যবসায়ীদের কাছ থেকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২৫ ঘ.
bdnews24