২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো নতুন বছর

ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার মধ্য দিয়ে শেষ হলো আরেকটি বছর, উৎসব আর আনন্দে শুরু হলো ২০১১ সাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 04:26 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার মধ্য দিয়ে শেষ হলো আরেকটি বছর, উৎসব আর আনন্দে শুরু হলো ২০১১ সাল। বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশেও খ্রিস্টীয় নতুন বছর উদযাপনে ছিলো নানা আয়োজন। কড়া নিরাপত্তার মধ্যেই রাজধানীসহ সারাদেশে বর্ষবরণে মেতে ওঠে তরুণ-তরুণীরা। বর্ষবরণে ঢাকার অভিজাত হোটেলগুলোতে ছিলো বিশেষ আয়োজন। যাতে অংশ নেন অনেকে। আর রাত ১২টা ১ মিনিট অর্থাৎ শনিবারের শুরু হতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেতে ওঠে উল্লাসে। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা ও কক্সবাজার সৈকতেও বর্ষবরণ হয় বৈচিত্র্যময় আয়োজনে। খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, নতুন বছর সবার জন্য মঙ্গল, শান্তি, অগ্রগতি ও খুশির বারতা নিয়ে আনবে- এটাই প্রত্যাশা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জাতীয় জীবনে অর্জনগুলো তুলে ধরে নতুন বছরে যুদ্ধাপরাধীদের বিচার জনগণের প্রত্যাশিত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা রাখেন। পাশাপাশি জাতীয় চার নেতা হত্যাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ শুরুরও প্রতিশ্র"তি দেন তিনি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিশ্বজুড়ে সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পৃথিবীর আবর্তনের কারণে নতুন বছরটি সবার আগে আসে প্রশান্ত মহাসগরীয় ছোট্ট দেশ কিরিবাতিতে। নেচে-গেয়ে বর্ষবরণ করে তারা। এরপর বর্ষবরণের উৎসবে মেতে ওঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিডনির অপেরা হাউসে বর্ষবরণের উৎসবে শামিল হয় প্রায় ১৫ লাখ মানুষ। এরপর এশিয়া পেরিয়ে ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকায় চলে বর্ষবরণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০১০ ঘ.