ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সবুজ। সৈয়দ আবদাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে শনিবার সকালে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিটির সভাপতি জাকারিয়া পিন্টু। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির ১৩টি পদেই জয়ী হয়েছে বিএনপি সমর্থক বলে পরিচিত সবুজ-আবদাল নেতৃত্বাধীন প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত গোলাম সারওয়ার-সাইফুল আলম প্যানেল চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে।
সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র বার্তা সম্পাদক সবুজ পেয়েছেন ৩৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সমকাল সম্পাদক গোলাম সারওয়ার পেয়েছেন ২৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আমার দেশ'র উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ভোট পেয়েছেন ৩১৬টি। তার প্রতিদ্বন্দ্বী যুগান্তর'র নির্বাহী সম্পাদক সাইফুল আলম পেয়েছেন ২৮৯ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনক হোসেন (৩৫১ ভোট), সহসভাপতি বখতিয়ার রানা (৩৫৯), যুগ্ম সম্পাদক নুরুল হাসান খান (৩৩৯), আবদুল কাদের গনি (৩২৬), কোষাধ্যক্ষ বদিউল আলম (৩৫৩)। তারা সবাই সবুজ-আবদাল প্যানেলের সদস্য।
সবুজ-আবদাল প্যানেল থেকে নির্বাচিত সদস্যরা হলেন- হাসান হাফিজ (৩৪৩), জহিরুল আলম (৩৩৭), একেএম মহসিন (৩১১), নুরুদ্দিন আহমেদ (২৮৮), গোলাম মহিউদ্দিন খান (২৭৪), ও নাজমুল আহসান (২৬৯)।
সারওয়ার-সাইফুল প্যানেলের নির্বাচিত সদস্যরা হলেন- ফরিদ হোসেন (৩০২), শামসুদ্দিন আহমেদ চারু (৩০৮), ফরিদা ইয়াসমিন (২৯৯) ও মাইনুল আলম (২৭৩)।
সকালে ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহীদ, নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল প্রমুখ।
তবে সারওয়ার-সাইফুল প্যানেলের নেতৃস্থানীয় কেউ উপস্থিত ছিলেন না।
নির্বাচন কমিটির সভাপতি জাকারিয়া জানান, মোট ৬৫৯ জন ভোটারের মধ্যে ৬২০ জন ভোট দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০০০ ঘ.
bdnews24