ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আফগানিস্তানে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে যুক্তরাষ্ট্র 'জোর' চেষ্টা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন এ কথা জানান।
তিনি বলেন, "বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য আফগানিস্তানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।"
সংবাদ সম্মেলনে আফগানিস্তানে বাংলাদেশের সামরিক উপস্থিতি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। নিকোলাস এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি এজেন্সিতে মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামার প্রতিনিধি আর্থারিন কজিনের চারদিনের বাংলাদেশ সফর বিষয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রবিরোধী আল কায়েদা ও তালিবান অধ্যুষিত ওই যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এই অবস্থায় যুক্তরাষ্ট সরকার আফগানিস্তানে সেনা পাঠাতে বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করে যাচ্ছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের এই অনুরোধ বিষয়ে বাংলাদেশ খুব 'সতর্ক'। কেননা যুক্তরাষ্ট্রের চাপ স্বীকার করে নিলে সরকার 'সমস্যায়' পড়বে।
কর্মকর্তারা আরো জানান, বাংলাদেশি সেনারা আফগানিস্তানের নিষ্ঠুর ও উন্মত্ত যোদ্ধাদের মোকাবিলা করতে পারবে না। কারণ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত মার্কিন ও ন্যাটো বাহিনী তাদের মূল উৎপাটনে ব্যর্থ হয়েছে।
দুই দিন আগে ফরাসি সংবাদ সংস্থা এএফপি'র এক সংবাদে বলা হয়, আফগানিস্তানে সেনা না পাঠানোর জন্য বাংলাদেশকে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামী জঙ্গিরা।
সন্ত্রাসী হামলায় ২০০১ সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ার বিধ্বস্ত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনী আফগানিস্তানে রয়েছে।
মার্কিন গণমাধ্যম ও বেশকিছু বৈশ্বিক ফোরামের মতে ওই সন্ত্রাসী হামলায় জড়িতরা ছিল আফগানিস্তানভিত্তিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/পিডি/২৩০৩ ঘ.
bdnews24