ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বৈঠকে বসবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। তিনি বলেন, "শনিবার সন্ধ্যা ৭টায় গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হবে।"
ধারণা করা হচ্ছে, পাবনার বিষয়টিকে সামনে রেখে ডাকা হয়েছে বৈঠকটি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগদান শেষে বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গত ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।
১০ দিন পর দেশে ফিরে আওয়ামী লীগ সভানেত্রী এ বৈঠক করছেন।
দেশে ফিরে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে যান। বিকালে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করেন।
শুক্রবার দলীয় কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে। শনিবার উপদেষ্টা বৈঠকে দলীয় সভানেত্রী পাবনার ঘটনা পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হতে পারে।
গত ১৭ সেপ্টেম্বর পাবলা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় সংগঠন দুটির নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী।
পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং এনডিসি মঈনুল হোসেন বাদী হয়ে ওই রাতেই জেলা ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দুইটি মামলা করেন। পরবর্তীতে তারা আত্মসমর্পণ করে।
সর্বশেষ বৃহস্পতিবার পাবনায় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে আরো দুজন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়। এ নিয়ে গত কয়েকদিনে পাবনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্তত ছয়জন কর্মকর্তাকে ওএসডি, বদলি অথবা প্রত্যাহার করা হলো।
পাবনার গত ১৭ সেপ্টেম্বরের ঘটনার জন্য আওয়ামী লীগ নেতারা দায়ী নয় বলে দাবি করেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম।
সোমবার বিকেলে পাবনার জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি পাবনার ঘটনাটি মিডিয়া 'অতিরঞ্জিত' করেছে বলে বৈঠকে কর্মকর্তারা তাকে জানিয়েছেন বলে এইচ টি ইমাম সাংবাদিকদের জানান।
গত ২৫ মে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, উপদেষ্টা পরিষদ ৪১ সদস্য বিশিষ্ট। এখন পর্যন্ত ১৯ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
আর কাদের পরিষদে নেওয়া যায় সে বিষয়ে সভানেত্রী পরামর্শ চেয়েছেন বলে জানান সৈয়দ আশরাফুল।
চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আব্দুর রাজ্জাক এবং হাসপাতালে চিকিৎসাধীন রহমত আলী ওই বৈঠকে যোগ দিতে পারেননি।
মন্ত্রিসভায় স্থান না পাওয়া একসময়ের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিলরা এখন উপদেষ্টা পরিষদের সদস্য।
ওই বৈঠকে উপদেষ্টা পরিষদ সরকার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও বিচার বিভাগের ওপর ক্ষুব্ধ ছিলেন অনেকে।
হাইকোর্টে নিযুক্ত দুই বিচারকের এখনো শপথ না হওয়ায় সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টারা।
সর্বশেষ নিয়োগ পাওয়া ১৭ বিচারকের মধ্যে মোহাম্মদ খসরুজ্জামান ও রুহুল কুদ্দুস বাবু শপথ নিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১০২ ঘ.
bdnews24